মস্কোয় এক আমেরিকান কূটনীতিকের ওপর হামলার জের ধরে দুই রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ওই দুই রাশিয়ান কর্মকর্তাকে ১৭ জুনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে। তবে তিনি তাদের নাম জানাননি।
কিরবি জানান, চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার এক পুলিশ কর্মকর্তা মস্কোয় মার্কিন দূতাবাসের কাছে এক মার্কিন কূটনীতিকের ওপর হামলা চালিয়েছিলেন। বিনা কারণে চালানো এ হামলার বিষয়ে রাশিয়া কোনো পদক্ষেপ নেয়নি।
তবে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ওই কূটনীতিক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করতেন। তিনি ওই পুলিশ কর্মকর্তাকে তার পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
গত মাসে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, মস্কোতে মার্কিন কূটনীতিকদের রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা অব্যাহতভাবে হয়রানি করে যাচ্ছেন। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।








