শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। দ্বিতীয় বলে ফিরে যান অক্ষর প্যাটেল। এই অবস্থায় শেষ বলে দরকার হয় ৪ রানের। কিন্তু ধোনি সেই বল থেকে নিতে পারেন মাত্র ১টি রান। জিম্বাবুয়ের দেয়া ১৭০ রানের জবাবে ছয় উইকেটে ১৬৮ রানেই থামে ভারতের ইনিংস।
ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি২০ সিরিজের প্রথম ম্যাচেই হার হজম করতে হলো টিম ইন্ডিয়াকে।
এর আগে প্রথম বলেই ফিরে গিয়েছিলেন ওয়ানডে সিরিজের নায়ক লোকেশ রাহুল। তবে স্বাগতিকদের কাছ থেকে জয় প্রায় কেড়ে নিয়েছিলেন মনীষ পাণ্ডে, মন্দীপ সিং আর অক্ষর প্যাটেল। ৩৫ বলে ৪৮ রান করেন মনীষ পাণ্ডে। এছাড়া মন্দীপ ৩১ , অধিনায়ক ধোনি ও অক্ষর প্যাটেল করেন ১৭ রান।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে মুজারাবানি ও চিবাবা দুটি করে উইকেট নেন। এর আগে হারারের স্পোর্টস ক্লাব মাঠে চিগাম্বুরার ৫৫ রানের কল্যাণে ছয় উইকেটে ১৭০ রান করে স্বাগতিকরা। 
১৩০ রানের আশেপাশেই স্কোরটার স্বপ্ন দেখছিলেন জিম্বাবুয়ে সমর্থকরা। তবে ইনিংসের শেষের দিকে চিগাম্বুরার ২৬ বলে ৫৫ রানের ঝড়ে শেষ পর্যন্ত ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর গড়ে স্বাগতিকরা।







