দুই বিচারপতির কথোপকথন নিয়ে একাত্তর টিভির একাত্তর জার্নালে প্রচারিত টকশোর কপি ১৬ আগস্টের মধ্যে আপিল বিভাগে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার রাতে ড. আমেনা মহসিন ও সাংবাদিক মঞ্জুরুল ইসলামের অংশগ্রহণে ওই টকশোতে প্রধান বিচারপতি এসকে সিনহা ও আরেকজন বিচারপতির কথোপকথনের রেকর্ড শোনানো হয়।
মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
দৈনিক জনকণ্ঠে প্রকাশিত একটি নিবন্ধের কারণে সাকা চৌধুরীর চূড়ান্ত রায়ের দিন দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আপিল বিভাগের স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারির পর থেকে বিষয়টির শুরু।
আদালতে জনকন্ঠের সম্পাদক ও সাংবাদিকের আইনজীবী ওই বিষয়ে আত্নপক্ষ সমর্থনে কথোপকথনের অনুলিখন পেশ করেন। আদালতে জনকণ্ঠের আইনজীবী কথপোকথনের সিডিও জমা দেন।
কিন্তু আদালতে নিবন্ধটি পাঠ করে শোনানো হলেও কথোপকথনের অনুলিখন বা সিডি, কোনোটিই শোনানো হয়নি।
ওই কথোপকথনই পরে একাত্তরের টকশো-তে প্রচার হয়। অনুষ্ঠানে ফোন-ইনে জনকণ্ঠের আইনজীবী সালাহউদ্দিন দোলন আদালতে কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, তার ব্যাখা দেন। এরপর বিচারপতিদের এখতিয়ারসহ উচিত-অনুচিত বিষয়ে টকশো’র অতিথিরা আলোচনায় অংশ নেন।
এই টকশো’র ভিডিও কপি জমা দিতে বলেছেন আপিল বিভাগ।






