এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির উদ্বোধনী ম্যাচে ভারতকে পয়েন্ট ভাগাভাগি করিয়েছে সাউথ কোরিয়া। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারত হকি দলের বিপক্ষে ২-২ গোলে ড্র কয়েছে তারা।
বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম দিনের প্রথম ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ে ফিরে আসার গল্প লিখেছে কোরিয়ানরা।
ম্যাচের চতুর্থ মিনিটে কোরিয়ার রক্ষণে আচমকা হানায় ভারতকে লিড এনে দেন ললিত কুমার উপাধ্যায়। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল জালের দেখা পায়নি।
তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রিত নিশানাভেদ করেন।
এই তৃতীয় কোয়ার্টারেই গোলের দেখা পায় কোরিয়া। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেন জ্যাং জং ইউং।
শেষ কোয়ার্টারে এসে সমতা ফেরায় কোরিয়া। কোয়ার্টার শুরুর মাত্র ৩১ সেকেন্ডেই কিম সুং ইউং ভারতের জাল খুঁজে নেন। সেই ম্যাচে ফেরা ড্র করে মাঠ ছাড়া পর্যন্ত অব্যাহত থাকে।








