দেশি-বিদেশি তারকা ক্রিকেটারে ভরপুর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। বিপিএলের ফাইনালে ওঠার মিশনে সোমবার মুখোমুখি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি দুটি। আসরের প্রথম কোয়ালিফায়ার ঘিরে দর্শকদের মাঝে এখন রোমাঞ্চকর অপেক্ষা। ক্রিকেটাররাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা খেলে শিরোপার পথে এগিয়ে যেতে। দুই দলেই এত বেশি তারকা যে ‘ফিফটি-ফিফটি’ সম্ভাবনা দেখাই ভালো।
কুমিল্লার অধিনায়ক লিটন দাসও বললেন সে কথা। লিগপর্বে মুখোমুখি হওয়া দুটি ম্যাচের ফলাফলেও তাদের মাঝে ১-১ এ সমতা। কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখা কঠিনই।
ম্যাচের আগের দিন দুপুরে মিরপুরে অনুশীলনের ফাঁকে লিটন বলেন, ‘তাদের সাথে মুখোমুখি দেখায় জয়ের দিক থেকে সমান সমান। দুইটাই বড় দল, কেউ কারো চেয়ে কম না। যেটা আমি বিশ্বাস করি। মাঠে যে ভালো খেলতে পারবে, স্মার্ট ক্রিকেট খেলতে পারবে তারাই জিতবে।’
লিটন দাস, আন্দ্রে রাসেল, মঈন আলী, সুনিল নারাঈন, তাওহীদ হৃদয়দের নিয়ে শক্তিশালী কুমিল্লার স্কোয়াড। অন্যদিকে সাকিব আল হাসান, ইমরান তাহির, জিমি নিশাম, হাসান মাহমুদ, শেখ মেহেদীরা আছেন রংপুরে।
কুমিল্লা তাদের অন্যতম সেরা বোলার মোস্তাফিজুর রহমানকে সম্ভবত পাচ্ছে না গুরুত্বপূর্ণ ম্যাচটিতে। সোমবার ম্যাচের দিন দলের সঙ্গেই মাঠে আসবেন এ বাঁহাতি পেসার। এদিন ফিজিও পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন দলটির অধিনায়ক লিটন।
চট্টগ্রামে দলীয় অনুশীলনের সময় বলের আঘাতে মাথা বাজেভাবে থেতলে যায় মোস্তাফিজের। লাগে পাঁচটি সেলাই। চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন টাইগার পেসার। তবে ম্যাচ খেলার জন্য কতটা ফিট আছেন তা জানা যাবে সোমবার।








