ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করা বাংলাদেশ দল অ্যান্টিগা ছেড়ে দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকায় পৌঁছেছে। মঙ্গলবার স্যাবাইনা পার্কে স্থানীয় সময় সকালে(বাংলাদেশ সময় রাত) অনুশীলন করার কথা সাকিব-তামিম-মুশফিকদের।
অ্যান্টিগায় দুঃস্বপ্নের টেস্ট শেষ হয়েছে তৃতীয় দিনের প্রথম সেশনেই। নিজেদের সর্বোচ্চ ব্যবধানে হারের লজ্জা যেখানে লেখা হয়েছে সেই জায়গা ছাড়তে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অপেক্ষা করতে হয়েছে আরও তিন দিন।
দুঃস্বপ্নের ব্যাটিংয়ে সলিল সমাধি যেখানে হয়েছে সেই স্থান ছাড়তে ক্রিকেটাররা যতই উদগ্রীব থাকুন না কেনো, ম্যাচের পঞ্চম দিন শেষ না হলে স্থান ছেড়ে যাওয়ার রীতি নেই।
হাজার মাইল দূরে থেকেও অনুভব করা সম্ভব অ্যান্টিগায় গত তিন দিন কীভাবে অপেক্ষার প্রহর গুনেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
বৃহস্পতিবার স্যাবাইনা পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুঃখ ভুলতে, কোটি ক্রিকেটভক্তের মনের দুঃখ ভোলাতে, নিজেদের প্রমাণ রাখতে ক্যারিবীয়দের সঙ্গে লড়াই করার বিকল্প নেই টাইগারদের সামনে।
জ্যামাইকায় অতীত অভিজ্ঞতা অবশ্য সুখকর নয়। ২০০৪ সালে সেখানে খেলা সবশেষ টেস্টে ইনিংস ও ৯৯ রানে হেরেছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।







