ভারতের রাজধানী দিল্লীর একটি গ্যাস কনটেইনার ছিদ্র হওয়ায় গ্যাসের সংস্পর্শে অসুস্থ হয়ে পাশের একটি সরকারি স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গ্যাসের কারণে তাদের শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ চোখে ও গলার ভিতরে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ধারণা করা হচ্ছে কনটেইনারে থাকা ওই গ্যাসের নাম ক্রোলোরোমিথাইল ফিরিডাইন। যা দিয়ে কীটনাশক ও জীবাণুনাশক তৈরি করা হয়।
রাজধানীর তুঘলকবাদ এলাকার ওই স্কুলটি সম্পূর্ণ ফাঁকা করে ফেলা হয়েছে। তাই সেখানে নতুন করে কোনো ছাত্রীর আক্রান্ত হওয়ার আশঙ্কা আর নেই।
এ বিষয়ে দিল্লীর প্রধান ফায়ার অফিসার আতুল গ্রাগ বলেন, স্কুলটির ছাত্রীদের জন্য দুইটি উদ্ধার টিম পাঠানো হয়েছে। স্কুলটি সম্পূর্ণ খালি করতে ছাত্রীদের রানী ঝানসি সহায়তা করেছেন। এলাকাটি এখন ঘিরে রাখা হয়েছে।
অসুস্থ ছাত্রীদেরকে আশে পাশের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগের সাইট টুইট্যারে টুইট করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নদ্দা। তিনি অসুস্থ ছাত্রীদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
এর আগে ২০১৪ সালে দেশটির ছত্রিশগর প্রদেশের সব থেকে বড় স্টিল ফ্যাক্টরি থেকে বিষাক্ত গ্যাস বের হয়ে ৬ জন ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছিলো।









