শাহ্ আলম শাহী, দিনাজপুর প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন, নগরায়ন, বৃক্ষনিধনসহ নানা কারণে হারিয়ে যাচ্ছে বেত ঝাড়। তাই বন বিভাগের আওতায় দিনাজপুরের বিভিন্ন বনাঞ্চলে বেত বাগান গড়ে তোলা হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, জীব-বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এসব নিবিড় বেত ঝাড়।
সারা দেশের মতো দিনাজপুরেও একসময় প্রচুর বেত ঝাড় ছিলো। বেত ঝাড় ঝড় প্রতিরোধে বেড়া হিসেবে কাজ করে। পরিবেশবান্ধব এই গাছ মাটির ক্ষয়রোধসহ নানাভাবে মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষা করে। কিন্তু মানুষই দিন দিন উজাড় করে ফেলছে বেত ঝাড়।
পরিবেশবিদরা বলছেন, বেত ঝাড় খুব নিবিড় হওয়ায় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, প্রকৃতিকে মরুকরণের হাত থেকে রক্ষা করে।
এসব কারণেই জেলার বিভিন্ন উদ্যানে বেত বাগান সৃষ্টির উদ্যোগ নিয়েছে বনবিভাগ। এ কাজে তারা স্থানীয়দের সম্পৃক্ত করেছে। বেত ঝাড় প্রকৃতির শোভা বর্ধন করে, বেত দিয়ে তৈরি হয় বাহারী কুটির পণ্যও।
পরিবেশবিদদের মতে, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেত চাষ বাড়ানোর লক্ষে সংশ্লিষ্ট বিভাগের যেমন দৃষ্টি দেয়া প্রয়োজন, তেমনি প্রয়োজন জনসচেতনতার।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







