সাময়িক বরখাস্ত হওয়ার পর আদালতের নির্দেশে কার্যালয়ে ফেরার কয়েক ঘন্টা পর আবারও বরখাস্ত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
২০১৫ সালের ৭ মে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র বুলবুলকে মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট থেকে তার বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করা হয়।পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ৫ মার্চ আপিল বিভাগ সেটা খারিজ করে দেয়।সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বুলবুলকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।কিন্তু দায়িত্ব গ্রহণের ৩ ঘণ্টার মধ্যেই আবার বরখাস্ত করা হয় তাকে।
২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আরিফুল হক।
এরপর হাইকোর্ট সরকারের বরখাস্ত আদেশ স্থগিত করেন। সেই সাথে মেয়র পদে তার দায়িত্ব পালনে বাধা না দিতে সরকারকে নির্দেশ দেন আদালত। এছাড়া আরিফুল হকের বরখাস্তের আদেশ কেন বেআইনী হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।
পরে হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
সাময়িক বরখাস্ত হওয়ার দীর্ঘ দুই বছর তিন মাস পর উচ্চ আদালতের নির্দেশে আজ রবিবার আবারো সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসেন আরিফুল হক চৌধুরী। রোববার বেলা সাড়ে ১১টায় তিনি সিটি কর্পোরেশনে গিয়ে অফিস করেছিলেন।










