শিশুশিল্পী নয়, এবার নায়ক রূপে বড় পর্দায় পা রাখছেন দারশিল সাফারি। ‘তারে জমিন পর’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। বেশ কিছুদিন ক্যামেরার বাইরে থাকার পর এবার তিনি ফিরলেন ‘কুইকি’ ছবির নায়ক হয়ে।
প্রদীপ আতলুরি পরিচালিত ‘কুইকি’ ছবিতে দারশিলের বিপরীতে অভিনয় করছেন নবাগত পলক তিওয়ারি। তিনি টিভি সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’র ‘প্রেরণা’ চরিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে।
চলচ্চিত্রে মেয়ের অভিনয় প্রসঙ্গে শ্বেতা তিওয়ারি বলেন, ‘হ্যাঁ, পলক চলচ্চিত্রে অভিনয় শুরু করছে। সেই ছবিতে দারশিলেরও অভিনয় করার কথা। শিগগিরই ছবির ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।’
দারশিলের বয়স এখন ১৯ আর পলকের ১৭। ‘কুইকি’ ছবির গল্প এই বয়সের ছেলেমেয়েদের নিয়ে। টিনএজার ছেলেমেয়েদের ভালোবাসার গল্প নিয়েই তৈরি হবে ছবিটি। ইন্ডিয়া টুডে।










