টানা ১৮ ম্যাচ জয়ের ধারায় থাকার পর সপ্তাহের শুরুতে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। একটুর জন্য ইউরোপের শীর্ষ লিগে টানা জয়ে বায়ার্ন মিউনিখের রেকর্ড ভাঙতে পারেনি দলটি। তবে আগের ম্যাচে হোঁচট খেলেও পরের ম্যাচেই দাপট দেখিয়ে জয়ের ধারায় ফিরেছে পেপ গার্দিওলার দল।
মঙ্গলবার রাতে ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। দলের হয়ে গোল করেছেন রাহিম স্টার্লিং ও সার্জিও আগুয়েরো।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়াটফোর্ডের বিপক্ষে শুরুটা দুর্দান্ত হয় ম্যানসিটির। শুরুর মিনিটেই লেরয় সানের ক্রস থেকে ছোট বক্সের সামনে বল পেয়ে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন স্টার্লিং। ১৩ মিনিটে আগুয়েরোকে উদ্দেশ্য করে কেভিন ডি ব্রুইনের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ওয়াটফোর্ডের বেলজিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান।
খেলার ৬৩ মিনিটে সার্জিও আগুয়েরো অন্য গোলটি করেন। ডান দিক থেকে ডি ব্রুইনের ক্রস গোলরক্ষক গোমেজ প্রথম দফায় ঠেকালেও ফিরতি বলে তা জালে পাঠান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ৮২ মিনিটে ওয়াটফোর্ডের ইংলিশ ফরোয়ার্ড আন্দ্রে গ্রে একটি গোল শোধ করলেও ম্যানসিটির জয় আটকাতে পারেনি সেটি।
রাতের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার্স ২-০ গোলে সোয়ানসি সিটি, ক্রিস্টাল প্যালেস ২-১ গোলে সাউদাম্পটন ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড একই ব্যবধানে ওয়েস্ট ব্রুমিচ অ্যালবিয়নকে হারায়।
২২ ম্যাচে ২০ জয় ও দুই ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল ম্যানচেস্টার সিটি। ১৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল।







