এক কোটি টাকার ভারতীয় জাল মুদ্রাসহ এক পাকিস্তানী নাগরিক ও তার ৫ সহযোগীকে আটক করেছে র্যাব ইন্টেলিজেন্স উইং। র্যাবের দাবি মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের সহযোগী হিসেবে বাংলাদেশ থেকে মুদ্রা ও মানব পাচার করে আসছিলো এরা।
ঢাকায় বিমানবন্দর সংশ্লিষ্ট লোকজন আন্তর্জাতিক মাফিয়া চক্র দাউদ ইব্রাহীমের হয়ে মানবপাচার ও জাল বৈদেশিক মুদ্রা পাচার করে আসছে এমন খবরের ভিত্তিতে মাঠে নামে র্যাব। আটক করে বিমান বন্দরের ইন্টারনেট কানেকশন অব ফাস্টফুডের দোকান কর্মচারী হৃদয়কে। টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হিসেবে ভুয়া আইডি কার্ড ও নকল নিরাপত্তা কার্ড দিয়ে বিমান বন্দরের গ্রীন চ্যানেল দিয়ে পাচার চক্রের সদস্যদের পারাপারে সহায়তা করে আসছিলো সে।
তার দেয়া তথ্যে আটক করা হয় চক্রের হোতা পাকিস্তানী নাগরিক সেলিমসহ আরও ৪ বাংলাদেশীকে।
র্যাব জানায়, তারা স্বীকার করেছে যে জাল মুদ্রা তৈরি, বিপণন, পরিবহন ও সেই সব দেশে মুদ্রা পাচারের সঙ্গে দাউদ ইব্রাহীমের সঙ্গে তারা জড়িত।
তাদের কাছ থেকে জব্দ করা হয় কোটি টাকা মূল্যের ভারতীয় জাল মুদ্রা, ২১টি পাকিস্তানী পাসপোর্ট, মানব পাচারে ব্যবহৃত বিভিন্ন সিল, ভিজিটরস কার্ড, সিকিউরিটি কার্ড। গোয়েন্দাদের জিজ্ঞাসায় বের হয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। র্যাব জানায়, তারা শুধু পাকিস্তানের নয় অন্যান্য দেশের মুদ্রাও তৈরি করে। আর এখানে যে মুদ্রাটি রয়েছে তা খুবই উচ্চমানের মুদ্রা।
মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের হয়ে বিমানবন্দর, কোনো সংস্থা কিংবা কোনো দূতাবাস কর্মকর্তা জড়িত কিনা জানার চেষ্টা করছে র্যাব।






