আপনি যদি কখনো দাঁত ক্ষয়ের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়ে থাকেন এবং ডাক্তার যদি ‘ফিলিংই একমাত্র উপায়’ জানিয়ে সেই যন্ত্রণাদায়ক চিকিৎসাটি আপনার ওপর প্রয়োগ করে থাকেন, তবে সাম্প্রতিক একটি গবেষণার ফল আপনার মেজাজ চরমে তুলে দিতে পারে।
ইউনিভার্সিটি অব সিডনি পরিচালিত গবেষণাটিতে বলা হয়েছে, দাঁত ফুটো করে ফিলিং করার চিকিৎসার চেয়ে বেশি ঘনত্বের ফ্লোরাইড ভার্নিশ দিয়ে প্রতিরোধমূলক চিকিৎসা এবং মিষ্টি জাতীয় খাবার ও পানীয় কম খাওয়া অনেক বেশি কার্যকর।
৭ বছর দীর্ঘ ওই গবেষণাটি দাঁতের সমস্যা আছে এমন ১ হাজার মানুষের ওপর চালানো হয়। এদের মধ্যে যারা ফ্লোরাইড ভার্নিশ চিকিৎসা নিয়েছিলো এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিয়েছিলো, তাদের মধ্যে ফিলিং করার প্রয়োজনীয়তা ৩০ থেকে ৫০ শতাংশ কমে গেছে। আর যাদের বছরে কমপক্ষে দু’টো ফিলিং করাতে হতো তাদের মধ্যে এই কমার হার আরও বেশি – ৮০ শতাংশ।
প্রচলিত চিকিৎসাবিদ্যা অনুযায়ী, দাঁতে ক্ষয় দেখা দিলে যতো জলদি সম্ভব তাতে ফুটো করে ফিলিং করিয়ে নিতে হবে। নইলে ক্ষয় আরও বাড়বে। তখন দাঁতটি রুট ক্যানাল করা বা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
কিন্তু নতুন এই গবেষণার ফল দাঁত ক্ষয়ের রোগীদের জন্য যেনো নতুন আশার আলো নিয়ে এসেছে।
অর্থাৎ দাঁতের ক্ষয়রোগের প্রাথমিক অবস্থায় এসব সাধারণ এবং ব্যথামুক্ত ব্যবস্থা নিলে বেশিরভাগ ক্ষেত্রে দাঁত ফিলিং করার প্রয়োজনই পড়ে না। পুরোটাই নির্ভর করে ক্ষয়ের প্রাথমিক পর্যায়ে ডাক্তার কী চিকিৎসা দিচ্ছেন তার ওপর। গবেষণাটির প্রকাশিত ফলাফলের মূল কথা এই-ই।






