ছোটবেলা থেকেই নাচ করে মেয়েটি। তবে বিয়ের পর সংসারজীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নাচে আর তাকে দেখা যায় না। আর বিয়ের পরও নাচ যে একটি মেয়ের নিজের আপন ভুবনের ভালো লাগার বিষয় হতে পারে, তা অনেকেই মেনে নিতে পারেন না। একসময় স্বামী তা উপলব্ধি করতে পেরে তাকে বলেন, তুমি আবার শুরু করতে পারো। এমনই একটি গল্প নিয়ে তৈরি হলো বিজ্ঞাপনচিত্র। এখানে অভিনয়শিল্পী নাদিয়াকে দেখা যাবে নৃত্যশিল্পী হিসেবে। এর মধ্য দিয়ে ১০ বছর পর বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।
নাদিয়া বলেন, ‘গল্প আর ভাবনা ভালো লাগায় ১০ বছর পর বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছি। যেহেতু আমি একজন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী। তাই বিজ্ঞাপনচিত্রটির গল্পের ভাবনা আমার সঙ্গে বেশ মানিয়েছে। তাই খুব আগ্রহ নিয়েই কাজটি করেছি।’
পূজার নির্দেশনায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ইউএইচটি মিল্কের বিজ্ঞাপনচিত্র এটি। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

নাদিয়া বলেন, ‘পূজাও বেশ যত্ন নিয়ে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন। আশা করি, বিজ্ঞাপনচিত্রটি দর্শকের ভালো লাগবে। এবার নারী দিবস থেকেই বিজ্ঞাপনটি দেশের সবকটি টিভি চ্যানেলে দেখানো হবে।’
নাদিয়া ২০০৭ সালে একটি বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন। ফেব্রুয়ারি মাস থেকে তিনি মোন্তাসির বিপনের নির্দেশনায় ‘অল্প স্বল্প গল্প’ নামের নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এই নাটকে নাদিয়ার বিপরীতে অভিনয় করছেনর ইন্তেখাব দিনার।








