দশকের সেরা বাছার পালা চলছে সব খেলায়। তার মধ্যেই দেখা যাচ্ছে এই বছরে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স এই দশকের মধ্যে সবচেয়ে খারাপ। অন্তত গোলের সংখ্যা হিসাবে ধরলে সেই তথ্যই উঠে আসছে।
২০১৯ সালে সিআর সেভেন গোল করেছেন ৩৯টি। যার মধ্যে জুভেন্টাসের জার্সি গায়ে ২৫টি, পর্তুগালের হয়ে করেছেন ১৪টি গোল। গত এক দশকে এই ৩৯ সংখ্যাটা রোনালদোর ক্যারিয়ারে সবচেয়ে কম। যেখানে এ বছর সবচেয়ে বেশি গোলের নজির গড়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেবানডস্কি।
পোল্যান্ড এবং ক্লাবের হয়ে ২০১৯ সালে মোট ৫৪টি গোল করেছেন লেবানডস্কি। মেসি দুই নম্বরে আছেন ৫০ গোল করে। গত এক দশকে যা এক বিরল দৃষ্টান্ত। ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত একবারই মেসি বা রোনালদো ছাড়া কেউ এক বছরের টপ স্কোরার হয়েছেন। হ্যারি কেন ২০১৭ সালে। তারপর এ বছর লেবানডস্কির নজির।
রোনালদোর গোল স্কোরিং ধারাবাহিকতায় খানিকটা ভাটা আসলে দেখা যাচ্ছে জুভেন্টাসে যোগ দেয়ার পর থেকেই। জুভ জার্সিতে আসার পর গত বছরে তার গোল সংখ্যা ছিল ৪৯। এবার ৩৯। তার ঠিক আগের পাঁচ বছরে রোনালদোর গোল ছিল ৬৯ (২০১৩), ৬১ (২০১৪), ৫৭ (২০১৫), ৫৫ (২০১৬) এবং ৫৩ (২০১৭)। তবে ওই পাঁচ বছরেই একটু একটু করে কমছিল রোনালদোর গোল সংখ্যা।
এ বছর স্কোরারদের তালিকায় লেবানডস্কি, মেসির পর আছেন কাইলিয়ান এমবাপে (৪৪) ও রাহিম স্টার্লিং (৪১)। ম্যানচেস্টার সিটির স্টার্লিং অবশ্য বছর শেষের আগে আরও দুটি ম্যাচ পাচ্ছেন।







