গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে মাথায় উঠল টেস্ট ক্যাম্প। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পদক্ষেপ রাঙালেন দুর্দান্তভাবে। ঘরের মাঠে আসছে এবার অস্ট্রেলিয়া। কয়টা উইকেট চাই এবার? জবাবে বাস্তবতাই বোঝালেন ১৯ বছরের এ তরুণ।
‘ইংল্যান্ডের বিপক্ষে যেটা হয়েছে সেটা সব সময় করা সম্ভব না। জীবনে একবার-দুইবার ওরকম হতে পারে। আবার নাও হতে পারে। ওটা অপ্রত্যাশিত। তারপরও ওভারঅল চিন্তা করব সর্বোচ্চটা দেয়ার। দলের যে প্রয়োজন সেটা ফুলফিল করার চেষ্টা করব। একটা-দুটো উইকেট কিংবা ভালো সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে যদি কাজ করতে পারি তাহলে আমার ও দলের জন্য ভালো হবে।’-বলেন মিরাজ
এভাবে ভাবলেও অদৃশ্য একটা চাপ আসতেই পারে, সেটি আকাশচুম্বী প্রত্যাশার চাপ। তবে মিরাজ নির্ভার থাকছেন, ‘আমাকে কখনোই চাপ দেওয়া হয় না। আমার ব্যক্তিগত লক্ষ্য তেমন নয়। টার্গেট ফিক্সড করলে চাপ তৈরি হওয়ার সুযোগ থাকে। তার চেয়ে ওই ধরেনের লক্ষ্য নির্ধারণ না করে দলের চাহিদা অনুযায়ী পারফরম্যান্স করাটাই লক্ষ্য হওয়া উচিত।’
ইংল্যান্ডের সঙ্গে ব্যাট হাতে রাখতে পারেননি অবদান। তবে দেশের বাইরে কয়েকটি টেস্টে যেভাবে ব্যাট করেছেন তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা যেতে পারে অলরাউন্ডারের ভূমিকায়। মিরাজের ভাবনাও এমন, ‘চেষ্টা করছি সেভাবেই দলের জন্য অবদান রাখার। পরিস্থিতি যেটা দাবি করবে সেটা মেটাতে পারলেই আমি খুশি।’










