দলীয় প্রতীকে নির্বাচনের বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা, সংশোধন আইন ২০১৫’র খসড়ায় চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।
বৈঠক শেষে আইনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বীমা কর্পোরেশন আইন ২০১৫’র খসড়াতেও নীতিগত অনুমোদন দেয়া হয়। অনুমোদন দেয়া হয় মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে জি-টু-জি প্লাস প্রক্রিয়ায় বাংলাদেশী কর্মী প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারকের খসড়ায়।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।






