অপু বিশ্বাস। সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার জগতে বেশ আলোচিত একজন তারকা। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে। পরিবার, সন্তান, ক্যারিয়ার আর নতুন মুক্তিপ্রাপ্ত সফল সিনেমা ‘রাজনীতি’ নিয়ে বললেন চ্যানেল আই অনলাইনের সাথে।
কেমন আছেন?
ভালো আছি। অনেক ভালো আছি।
আপনার ছেলে আব্রাম তো এখন আপনার সাথে নেই। ছেলেকে কার কাছে রেখে এসেছেন?
বাসায় রেখে এসেছি। আসলে ও তো অনেক ছোটো। বেশি ট্রাভেল করলে অসুস্থ হয়ে পড়বে, তাই। বাসায় আমার মা এবং পরিবারের আরও সবাই আছে। তাছাড়া আব্রাম তাদের সাথে থাকতেও অনেক পছন্দ করে।
এবার ঈদ তো আব্রাম দাদা–দাদির সঙ্গে করেছে। নানাবাড়ি বগুড়াতে কবে যাচ্ছেন?
আসলে এবারের ঈদটা আব্রামের বাবার বাড়িতেই করা হয়েছে। এবার বগুড়াতে এখনো যাওয়া হয় নাই। দেখি সামনে যাব।
নিজের ক্যারিয়ার নিয়ে কী পরিকল্পনা করছেন?
আমি যেহেতু একজন শিল্পী, তাই ক্যারিয়ারকে তো ভাবনায় রাখতেই হবে। এখন কাজের বিরতিতে আছি। আর এই বিরতি মানেই থেমে যাওয়া নয়। পরবর্তী সময়ের জন্য নিজেকে প্রস্তুত করা। একজন শিল্পীকে তার অভিনয়, গঠন, মেকআপ, গেটআপ সব মিলিয়ে আসলে দর্শক যেভাবে দেখতে চায়, সেভাবেই আমার প্রস্তুতি চলছে। এখন তো খুব ঘন ঘন আমাকে সবাই দেখছেন, আর কিছুদিন পর আর তা হবে না। মাস দেড়েকের জন্য ডুব দেব। এই সময়টাতে শুধু নিজের মধ্যে থাকব। নিজেকে প্রস্তুত করব।

ছেলেকে দেখাশোনার পাশাপাশি, নিজেকে প্রস্তুত করতে কতটুকু সময় পাচ্ছেন?
এটা আপনা আপনিই হয়ে যায়। কারণ আমি তো মা। আর এই বিষয়টা অনেকটাই মানসিক। কেউ যদি মনে করে সে পারবে, তাহলে সবই একসাথে মেইনটেইন করা সম্ভব।
রিয়াজের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে আপনার কাজ করার কথা শোনা যাচ্ছে।
হ্যাঁ। রিয়াজের সাথে নাভানা গ্রুপের বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে। তাদের বেশ কয়েকটি বিজ্ঞাপনে আমরা কাজ করবো। তবে কি কি প্রোডাক্টের হবে সেই বিজ্ঞাপনগুলো তা এখনো চূড়ান্ত হয়নি।
হলে গিয়ে ‘রাজনীতি’ ছবিটি দেখেছেন?
না, সামনে ছবিটি ঢাকায় মুক্তি দেওয়া হবে। আশা করছি তখন দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখব।
এবার ঈদে তো আপনি ছেলের ড্রেসের ডিজাইন করেছেন। সামনে কি ডিজাইনার বা এই ধরণের কোন ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করার কথা ভাবছেন?
হ্যাঁ। আমার ছেলে বড় হওয়ার পর। এটা তো তার প্রথম ঈদ। তাই তার ঈদের ড্রেসে মায়ের ছোঁয়া থাকবে না, এটা কি হয়! এছাড়া আমি নিজেও অনেক সময় নিজের ড্রেসের ডিজাইন করি। এই তো ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাজনীতি’তে আমার অনেক ড্রেসের ডিজাইন আমি নিজেই করেছি। তবে এটা শুধু শখের বশেই। তবে ব্যবসার সঙ্গে যুক্ত হব, এমন কোন পরিকল্পনা এই মুহূর্তে নেই।
ধন্যবাদ আপনাকে
আপনাকে এবং চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ।

ছবি: তানভীর আশিক








