চলতি রমজান এবং আসন্ন ঈদের আগে রাজধানীতে গাড়ির চাকা সচল রাখার চ্যালেঞ্জ নিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দক্ষিণ সিটির যানজটপ্রবণ এলাকার রাস্তার ওপর হকার নিষিদ্ধ করেছেন মেয়র সাঈদ খোকন। তবে এখন পর্যন্ত অসহনীয় যানজটে বিরক্ত সাধারণ মানুষ।
রমজান এলেই ঢাকা শহরের প্রধান প্রধান সড়কসহ অলি-গলিতে যানজট নিয়মিত দৃশ্য। ঢাকা শহরের যানবাহনের চলাচল প্রধানত উত্তর-দক্ষিণে। নিউমার্কেট-মিরপুর, গুলিস্তান-ফার্মগেট, মতিঝিল-কুড়িল এবং মতিঝিল-উত্তরা প্রধান এই চারটি রাস্তায় এবারও রমজানের শুরু থেকে অসহনীয় যানজট। মতিঝিল, পল্টন, শাহবাগ, নিউমার্কেট, ফার্মগেট, মহাখালী, তেঁজগাও, গুলশান, বনানী, মিরপুর, নাবিস্কো কোথায় নেই জ্যাম!
যানজটে নতুন সংযোজন তেজগাও লিংক ব্রিজ এবং নাবিস্কো এলাকা। দুয়েকদিনের মধ্যে যানজট কিছুটা কমানোর কথা বলেছেন ডিএমপি কমিশনার। 
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন,‘ আমরা সুপারসনিক গতি দিতে পারবো না তবে মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে , বাসায় গিয়ে ইফতার করতে পারে, ধীর গতি হলেও যাতে গাড়ির চাকা থেমে না থাকে সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে ’।
ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তান পরিদর্শনে গিয়ে ওই এলাকার সব রাস্তাকে হকারমুক্ত ঘোষণা করেন দক্ষিণ সিটির মেয়র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন,‘ আজকে আমরা এই গুলিস্তানকে হকার মুক্ত রাখতে সক্ষম হয়েছি। হকার বসতে না দেয়ায় প্রচুর ফাঁকা জায়গা বেরিয়ে এসেছে। পৃথিবীর বহু শহরে এতো চওড়া রাস্তা নাই। এখন এই এলাকা দিয়ে মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারছে’।
তবে মেয়রের পরিদর্শনের মাত্র ১০ মিনিটের মাথায় আবারো রাস্তার ওপর পসরা সাজাতে শুরু করেন হকাররা।








