ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ছবি তোলা শিক্ষার্থীদের এক ধরনের সৃজনশীল কাজ। দক্ষতা ও সুন্দর মন থাকলেই কেবল ছবি তোলা সম্ভব।
ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি( ডিইউপিএস) প্রথমবারের ‘ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব-২০১৯ আয়োজন করেছে।উৎসবটি উদ্বোধনকালে উপাচার্য আলোকচিত্রে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই উৎসবের উদ্বোধন করেন। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে উৎসবের আয়োজন করেছে।
উপাচার্য আরো বলেন, আলোকচিত্র শিল্প বর্তমানে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠাকাল থেকেই আলোকচিত্র নিয়ে নতুন কিছু করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় রোববার শুরু হওয়া এ উৎসব আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ ও ৬ নং গ্যালারিতে এ উৎসব চলছে। উৎসবটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য উন্মুক্ত।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, আলোকচিত্র উৎসবে একক ক্যাটাগরি ও পোর্টফলিও ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের আলোকচিত্রীদের ১৪৫টি একক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। এছাড়াও ১৬টি ফটো স্টোরি স্থান পেয়েছে। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) ১২তম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর জন্য নির্বাচিত আলোকচিত্রগুলোও প্রদর্শিত হবে।
উৎসবে বিচারক হিসেবে উপস্থিত আছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া সেন্টারের অধ্যক্ষ আলোকচিত্রী আবীর আব্দুলাহ, কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক অমি এবং আলোকচিত্রী তাসলিমা আখতার।
প্রতিযোগিতামূলক এই আলোকচিত্র উৎসবে আটজন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হবে। ৩০ জানুয়ারি উৎসবের সমাপনী উৎসবে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে এবং বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ মনজুর আলম বেগকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে আজীবন সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে।









