থাইল্যান্ডের ওয়াত ফা লুয়াং তা টাইগার টেম্পল নামের বৌদ্ধ মন্দির থেকে ৪০টি বাঘশাবকের হিমায়িত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও সরকারের বন্যপ্রাণী বিভাগ কর্তৃপক্ষ। মন্দিরে থাকা ১৩৭টি বাঘ বন্যপ্রাণী অভয়াশ্রমে সরিয়ে নেয়ার উদ্দেশ্যে সোমবার থেকে শুরু হওয়া অভিযানের সময় সেখান থেকে মৃতদেহগুলো পাওয়া যায়।
সপ্তাহব্যাপী অভিযানে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে ছোট ছোট ৪০টি বাঘের মরদেহ সারিবদ্ধভাবে মেঝেতে রাখা অবস্থায় দেখা যায়।
বাঘ স্থানান্তরে সহযোগী সংগঠন ওয়াইল্ডলাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশনের টম টেইলর বিবিসিকে জানান, বাঘশাবকের মৃতদেহ ছাড়াও অন্যান্য পশুর দেহের বিভিন্ন অংশ ফ্রিজারে সংরক্ষিত ছিল।
১৩৭টির মধ্যে এখন পর্যন্ত ৪০টি জীবিত বাঘকে মন্দির থেকে উদ্ধার করে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন টেইলর।
বাঘশাবকের মৃতদেহের সঙ্গে ছোট ছোট পাত্রে বিভিন্ন প্রাণীর অন্ত্র, একটি মৃত বুনো শূকর এবং আরও কিছু প্রাণীর দেহাবশেষ থাকার কথা জানান থাই গণমাধ্যম খাওসোদ-এর এক রিপোর্টার।
থাইল্যান্ডের কাঞ্চনবুরি এলাকায় অবস্থিত ওই মন্দিরটি বিখ্যাত এক পর্যটনকেন্দ্র। বন্যপ্রাণী পাচার এবং পশু নির্যাতনের অভিযোগে থাইল্যান্ডের সেখান থেকে পোষা বাঘ সরিয়ে নেয়া শুরু করে দেশটির বন্যপ্রাণী বিষয়ক কর্তৃপক্ষ। অভিযান শুরু হওয়ার পর থেকে দর্শনার্থীদের জন্য মন্দিরটি বন্ধ রয়েছে।
মন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে বহুদিন ধরেই বাঘের বেআইনি প্রজনন এবং পাচারের অভিযোগ উঠে আসছিল। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পরিচালিত এক সরকারি অভিযানে উপাসনাস্থলটিতে উপযুক্ত অনুমোদনপত্র ছাড়াই শেয়াল, হর্নবিল এবং এশিয়ান ভালুক পালন করতে দেখা যায়।







