মহিলাদের এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে সালমা-আয়েশারা।
টস হেরে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ৮৮ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার সানজিদা ইসলাম।
এছাড়া ফারজানা হক ১৫ ও সালমা খাতুন করেন অপরাজিত ১০ রান। অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বাংলাদেশে ইনিংসের জবাবে ১৮ দশমিক ৩ ওভারে মাত্র ৫৩ রানে অলআউট হয় থাইল্যান্ড। স্বাগতিকদের দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পার করতে পেরেছেন। ওপেনার নাতাকান চানতাম ২১ ও সোরনারিয়ান তিপোস করেন ১০ রান।
বাংলাদেশের হয়ে পান্না ঘোষ ৪টি, রুমানা আহমেদ ৩টি, জাহানারা দুটি ও খাদিজাতুল কুবরা একটি উইকেট নেন।









