বিশ্ব টি-২০’র বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের ৭৩ রানে হারিয়েছে জাহানারা আলমের দল। থাইল্যান্ড ক্রিকেট গাউন্ডে প্রথম ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করে তারা। জবাবে মাত্র ৩২ রানেই শেষ হয় থাইল্যান্ড ইনিংস।
আরো বড় স্কোর পেতে পারতো সফরকারীরা। ওপেনিং জুটিতে আয়েশা রহমান ও শারমিন আক্তার ৩৮ তুললেও মিডল অর্ডার ও টেলএন্ডরা ভালো না করায় বড় স্কোর থেকে বঞ্চিত হয় দল।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আয়েশা। ২৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা হক। এছাড়াও সায়লা শারমিন ১৭ ও শারমিন আক্তার ১২ রান করেন।
১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। স্বাগতিকদের মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। চানিদা সুটিরুনাং সর্বোচ্চ ১৩ রান করেন।
বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ, ফাহিমা খাতুন ও ঋতু আক্তার প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এছাড়া জাহানারা আলম ও সায়লা শারমিন একটি করে উইকেট নেন।
দলীয় সর্বোচ্চ ৩০ রান করে ম্যাচসেরা হয়েছেন আয়েশা রহমান।
রোববার পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আর একই দিনে থাইল্যান্ড খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।






