এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপেকে হারিয়ে মূলপর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাইপেকে ৪-২ গোলে হারায় বাংলাদেশের কিশোরীরা।
এই জয়ের ফলে ২০১৭ সালে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে প্রথমবারের মতো খেলবে কৃষ্ণা-মার্জিয়ারাই।
এর আগে প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ এবং তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ।
প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে আছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ছন্দপতন ঘটেনি তাদের। ১১ মিনিটে ১ গোল করে এগিয়ে যায় চাইনিজ তাইফে। চাইনিজ তাইপের অধিনায়ক সু ইউ সুয়ান গোল করে দলকে লিড দেন। ২৩ মিনিটে অবশ্য গোল শোধের সুযোগ আসে বাংলাদেশের সামনে। কিন্তু ডি বক্সের সামনে দারুণ একটি ফ্রি কিক পায় বাংলাদেশ। কিন্তু নার্গিস খাতুনের নেওয়া শটটি সরাসরি তাইপের গোলরক্ষকের কাছে চলে যায়।
তবে দুই মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ২৫ মিনিটের সময় ডি বক্সের মধ্যে কৃষ্ণা রানীকে মারাত্মক ফাউল করেন চাইনিজ তাইপের চেন চিয়াও-ই। হংকংয়ের রেফারি ল বিক চি হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান।দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেন চিয়াও-ই। তাতে ২৫ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় চাইনিজ তাইপে। পেনাল্টি থেকে গোল আদায় করে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার।
৩৭ মিনিটে আবারো পেনাল্টি পায় বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রাণীকে ডি বক্সের মধ্যে ফাউল করেন তাইপের ক্যাপ্টেন সু ইউ সুয়ান। আবার পেনাল্টি কিক নেন শামসুনন্নাহার। পেনাল্টি থেকে গোল আদায় করে দলকে এগিয়ে নেন তিনি।বিরতির পর ফিরেই গোল করেন অধিনায়ক কৃষ্ণা রানী। ৫৬ মিনিটে মাথায় অনুচিং মোগিনের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে যান কৃষ্ণা। ডান পায়ের জোরালো শটে চাইনিজ তাইপের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়।
৭৬ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে সিরাত জাহান স্বপাকে ফাউল করলে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। ফ্রি কিক নেন শামসুন্নাহার। কিন্তু তার শটটি চাইনিজ তাইপের খেলোয়াড়দের তৈরি মানব দেয়ালে বাধাপ্রাপ্ত হয়ে কর্নার হয়। কর্নার কিক থেকে উড়ে আসা বল জটলার মধ্যে ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল দিয়ে বসে নিয়েন চিং-উন।
৮৭ মিনিটে একটি গোল শোধ দেন চাইনিজ তাইপের মিডফিল্ডার উ ইউ-জউ। ৮৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চাইনিজ তাইপের রক্ষণভাগের খেলোয়াড় টেং পেই-লিন। ফলে ৯ জনের দলে পরিণত হয় তাইপে। এরপর আর কোনো গোল না হওয়ায় ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
৫ সেপ্টেম্বর আসরের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।










