কানাডার আলবার্টা প্রদেশের দাবানলে পোর্ট ম্যাকমুরে শহরের অধিকাংশ ঘরবাড়ি পুড়ে গেছে। এডমন্টন ও ক্যালগেরি শহরমুখী রাস্তায় ২শ’ ফুট উচ্চতায় আগুন ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে আরও ৪ দিন সময় লাগবে।
কানাডার আলবার্টা প্রদেশের পোর্ট ম্যাকমুরেতে দাবানলের সূত্রপাত এক সপ্তাহ আগে। এরই মধ্যে ভয়াবহ দাবানলে শহরের অধিকাংশ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
দমকল বাহিনীর ব্যাপক প্রচেষ্টায় রক্ষা পেয়েছে বিমান বন্দর এলাকা ও সরকারি কিছু স্থাপনা। দক্ষিণাঞ্চলের নিরাপদ শহর এডমন্টটন ও ক্যালগেরির পথে ১৫শ’ গাড়ি বহরকে পুলিশি প্রহরায় রাখা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে কানাডাবাসীকে দাতব্য সংস্থাগুলোতে দান ও ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন। দাবানল নেভাতে দমকল বাহিনীর চেষ্টার প্রশংসা করেন তিনি।
দাবানলের ভয়াবহ বিস্তারে আলবার্টা কর্তৃপক্ষের আশঙ্কা, আগুন হয়তো প্রদেশটির তেলক্ষেত্রগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।
পোর্ট ম্যাকমুরেতে দমকল বাহিনীর ১ হাজার সদস্য, দেড়শ’ হেলিকপ্টার, প্রায় ৩শ’ ভারী জলযান এবং ২৭টি পানিবাহী উড়োজাহাজ দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। রোববার দাবানল আক্রান্ত এলাকায় বৃষ্টিপাতের আশা করছে আবহাওয়া বিভাগ।
দাবানল আরও বাড়লে যুক্তরাষ্ট্রের সাহায্য নিতে পারে কানাডা।







