ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় দিনের সকালে দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান সাব্বির রহমান।
গতকাল শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ব্যক্তিগত ১০ রান নিয়ে মাঠ ছাড়েন সাব্বির, আজ তৃতীয় দিনে প্রথমে তাসকিন আহমেদকে নিয়ে ২৪ রানের এবং পরের কামরুল ইসলাম রাব্বিকে অপরাজিত ২৯ রানের দারুণ জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহকে ৬০০ এর পথে নিয়ে যান তিনি। সেইসঙ্গে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।
নেইল ওয়াগনারের করা ১৫২তম ওভারের দ্বিতীয় বলে কভার দিয়ে দারুণ এক চার হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সাব্বির। ৮৫ বলে ৭টি চারের সাহায্যে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৮৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন সাব্বির। বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৯৫ রানে।
গত বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় সাব্বিরের। ক্যারিয়ারের প্রথম টেস্টে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শনিবার ক্যারিয়ারের তৃতীয় টেস্টের দ্বিতীয় ফিফটির দেখা পেলেন তিনি।







