সময় এবং প্রতিকূল পরিবেশের মধ্যে চলা তৃতীয় দিনের অভিযানে থাইল্যান্ডের গুহায় আটকে থাকা আরো তিন জন ফুটবলারকে বের করে এনেছে উদ্ধারকারীরা।
এই নিয়ে গুহা থেকে উদ্ধার করা কিশোরদের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এরমধ্যে রোববার চার জনকে এবং সোমবার আরো ৪ জনকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, গুহার মুখ থেকে একে একে তিন জনকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়।
এখনো গুহার ভেতরে আটকা পড়ে আছে আরো ১ ক্ষুদে ফুটবলার এবং তাদের তরুণ কোচ। সবাইকে আজই উদ্ধারের কথা রয়েছে।
উদ্ধার অভিযানের প্রধান নারংসাক ওসোতানাকর্ন জানান, চলমান বৃষ্টির মধ্যেও গুহার ভেতরে পানির অবস্থা স্থির ও নিয়ন্ত্রণে ছিলো। কোনো অস্বাভাবিক কিছু না ঘটলে আজই সবাইকে বের করে আনা হবে।
গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ছিলো ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচের দলটি।
টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর পর আরও ৬ দিন পর দলটিকে বের করে আনাতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।
এতদিনেও উদ্ধার না করতে পারার মূল কারণ ছিলো টানা বৃষ্টিতে গুহার ভেতর সৃষ্ট তীব্র স্রোতের বন্যা আর গুহার গিরিপথের প্রতিকূল গঠন।







