দলীয় প্রতীকে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোটগ্রহণ।
এই দফায় ৪৮ টি জেলার ৮৭ টি উপজেলার ৬১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। মোট ভোটকেন্দ্র ৬ হাজার ৭৫টি।
নির্বাচনে চেয়ারম্যান পদে ২ হাজার ৬শ’৭২ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬ হাজার ২শ’ ৯৮জন এবং সাধারণ মেম্বার পদে ২০ হাজার ৯শ’৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭৯ জন এবং সাধারণ মেম্বার পদে ১শ ৭৪ জন নির্বাচিত হয়েছেন।
তৃতীয় ধাপে তৃণমূল পর্যায়ের এই ভোট উৎসবকে নির্বিঘ্ন করতে মাঠে আছে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচন অবাধ করতে ইসিকে কঠোর হয়ে তাদের দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন। সেই নির্দেশনাকে স্বাগত জানিয়ে ইসিও নিজেদের অবস্থান স্পষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, ‘অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা অবহেলা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে, যেন সন্ত্রাসী কার্যক্রম শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হয়।’








