বয়সটা ৩৪ পেরিয়ে এসেও ব্যাটে রানফোয়ারা ছোটাচ্ছেন। গড়ছেন একটার পর একটা রেকর্ড! বৃহস্পতিবার আরেকটি রেকর্ডের খুব কাছে গিয়ে ফিরেছেন তুষার ইমরান। টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ডটা না হলেও তার ৮৮ রানে সেন্ট্রাল জোনের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়ে ফেলেছে সাউথ জোন, হাতে ৪ উইকেট অক্ষত।
বিসিএলের পঞ্চম রাউন্ডে রাজশাহীতে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় সাউথ জোন। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৪৮ রানের সংগ্রহ। সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে করে ৩০২ রান।
দিনের শুরুতে ১ উইকেটে ৫০ রানে ক্রিজে এসেছিল সাউথ জোন। ইমরুল ৩০ ও এনামুল বিজয় ৪৫ রানে ফেরার পর জুটি বাধেন তুষার ও মোহাম্মদ মিঠুন। দুজনে ১৯৩ রানের জুটিতে ম্যাচের লাগাম ধরে রাখেন। দারুণ এক সেঞ্চুরি করে ফিরেছেন মিঠুন। ১২১ বলে ১১৮, ১৬ চার ও এক ছক্কায় সাজিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বাদশ সেঞ্চুরি তার।
অধিনায়ক নুরুল হাসান ১৪ রানে ফিরে যাওয়ার কিছুপরই রেকর্ড হাতছাড়া করে ফেরেন তুষার। ৮৮ রানে থামে তার ১৪১ বলের ইনিংস। ১০ চার ও এক ছক্কার ইনিংসটি মোশাররফের বলে ইরফান শুক্কুরকে ক্যাচ দিয়ে সমাপ্তি টানে।
তুষার গত ম্যাচেই দুই ইনিংসে সেঞ্চুরি করে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। সেটি এনে দিয়েছিল টানা তিন ইনিংসে শতকের রেকর্ড। টানা চার ইনিংসে হয়নি এই ম্যাচের প্রথম ইনিংসে ১৪ রানে ফেরায়। দ্বিতীয় ইনিংসে সুযোগ ছিল টানা তিন ম্যাচে সেঞ্চুরির, সেটিও হাতছাড়া মাত্র ১২ রানের জন্য।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারের উপর রান তুষারের। সেঞ্চুরি ২৮টি, সেটিও বাংলাদেশি রেকর্ড। রেকর্ডের ভাণ্ডারে আরেকটি মাল্য যুক্ত হল না এদিন!








