তুরস্কের পুলিশ হেডকোয়ার্টারে একটি গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৬ জন।
স্থানীয় এক সূত্র থেকে জানা যায়, নিহতদের মধ্যে একজন নারী এবং শিশুও রয়েছে। দিয়ারবাকির প্রদেশের সিনার জেলায় এই হামলার পর ধ্বংসস্তুপ থেকে এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।
কর্মকর্তারা এই হামলার জন্য কুর্দিশিয়ান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদেরই দায়ী করছেন। এই জঙ্গিরা মূলত কুর্দিশ এলাকাতেই কর্মরত। অবশ্য এখনো কোনো দল এই হামলার দায় স্বীকার করেনি।
হামলার আগে বোমাভরা গাড়িটি পুলিশ হেডকোয়ার্টারের সামনেই রাখা ছিলো বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। এর ফলে আশেপাশের বেশ কিছু বাড়িও ধ্বংস হয়েছে।
এরপর ওই হেডকোয়ার্টারে রকেট হামলাও চালায় জঙ্গিরা। দিয়ারবাকির প্রদেশে বিগত কয়েক মাস ধরে পিকেকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুরস্কের আর্মির সংঘর্ষ চলছেই। এর মধ্যে হতাহতের সংখ্যাও নেহাত কম নয়।
এছাড়া জঙ্গিদের হামলাতেও গত কয়েক মাসে নিহত হয়েছে বহু মানুষ। সর্বশেষ গত ১২ জানুয়ারি আইএসের আত্মঘাতী হামলায় ৯ জার্মান পর্যটকসহ নিহত হন ১০ জন।






