চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমি ফের ঘুরে ঘুরে ডাকো সুসময়

আদিত্য শাহীন আদিত্য শাহীন
৭:৪০ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
মতামত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

channel i

বিশ্বময় বাংলা ভাষাভাষীর স্বপ্ন আকাক্সক্ষা আর জীবনধারার প্রিয় সঙ্গী চ্যানেল আই পথচলার আঠারো বছর পার করে এবার পা রাখছে উনিশ বছরে। শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে দেড় যুগ পার করার এই অধ্যায়। অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শতভাগ স্বনির্ভরতা অর্জন তথা বাংলাদেশের গঠনমূলক পরিবর্তনের সরব সঙ্গী চ্যানেল আই। মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আই-এর পথচলা। এর সঙ্গে জীবনকে এগিয়ে নেয়া, রুদ্ধ দুয়ারকে খুলে দেয়া, সত্যকে শাণিত করার পথেও থাকতে হয়েছে অবিচল। টেলিভিশন কিংবা গণমাধ্যম নিয়ে মানুষের তৃষ্ণা ও প্রত্যাশাগুলো পূরণ করে এগিয়ে চলেছে চ্যানেল আই। তথ্য প্রযুক্তির বিকাশ ও আকাশ সংস্কৃতির নতুন নতুন অগ্রযাত্রার ভেতর চ্যানেল আই-এর পথচলা নতুন নতুন উদ্ভাবনের ভেতর দিয়ে। প্রথম দিন যে নতুনত্বের মালা গেঁথেছিল, আজও তা গেঁথে চলেছে চ্যানেল আই।

এদেশে টেলিভিশনের ইতিহাস যখন পয়ত্রিশ বছরের, তখন ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আই-এর। সেদিন বুকভরা স্বপ্ন আর দেশ ও জনগণের কল্যাণে শতভাগ দায়বদ্ধতার এক নতুন প্রত্যয় ছিল চ্যানেল আই-এর পরিচালনা পর্ষদের। একটি আধুনিক টেলিভিশন, যা মানুষের তথ্যের তৃষ্ণা মেটাবে, মানুষের মূল্যবোধ জাগ্রত করবে, তার বন্ধ চোখ খুলে দেবে, তার জীবনের প্রয়োজনের সঙ্গে মিশে যাবে এই ছিল স্বপ্ন। তা পূরণ করা গেছে দিনে দিনে। পথচলার শুরু থেকে চ্যানেল আই দেশের শিল্প সংস্কৃতির সব গুণী মানুষদেরকে যুক্ত করেছে তার পথচলার বিশাল কাফেলায়। দিনে দিনে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে বিশাল বিশাল ইভেন্ট নিয়ে। পৃথিবীর ছয়টি মহাদেশের বাংলা ভাষাভাষীরা সব দিনে দিনে যুক্ত হয়েছেন চ্যানেল আই-এর লাল সবুজ রঙে। যুক্ত হয়েছেন হৃদয়ে বাংলাদেশ চেতনায়।

আজ দেশের সঙ্গীত প্রতিভার কথা উঠলেই আসে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডের কথা, আসে চ্যানেল আই সেরাকণ্ঠের কথা, শিশু-শিল্পীর গান মানেই চ্যানেল আই-এর মেরিডিয়ান ক্ষুদে গানরাজ অনুষ্ঠান, অভিনয় প্রতিভা আর নতুন মুখ অনুসন্ধান মানেই লাক্স চ্যানেল আই সুপার স্টারসহ চ্যানেল আই-এর বিভিন্ন ইভেন্ট, আবৃত্তি শিল্পী গড়তে আবৃত্তি ছন্দে আনন্দে, নাচের শিল্পী গড়তে চ্যানেল আই সেরা নাচিয়ে অনুষ্ঠানগুলো স্বনামেই খ্যাত হয়ে উঠেছে। প্রতি বছরই চ্যানেল আই এর কার্যক্রমে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোগ। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রেই বের করে আনা হচ্ছে গুণী মুখ। সত্যিকারেই এক কারিগরের ভূমিকায় থেকে দেশের সাংস্কৃতিক অংগনে নতুনের জয়গান ধরে রাখছে চ্যানেল আই।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই বরাবরই তার পথচলার ভেতর দিয়েই শিক্ষা গ্রহণ করে। তাই মনে প্রাণে বিশ্বাস করে টেলিভিশন মানে শুধু বিনোদন নয়। টেলিভিশন মানে জনকল্যাণ, টেলিভিশন মানে মানব সেবা, টেলিভিশন মানে জাতির উন্নয়ন ও ক্রমবিকাশের অনন্য বাহন। চ্যানেল আই এদেশের বিভিন্ন ক্ষেত্রের বহুসংখ্যক গুণী শিল্পীকে আজীবন সম্মাননা দিয়েছে। একইসঙ্গে তাদেরকে নিয়মিত পৃষ্ঠপোষকতাও অব্যাহত রেখেছে। একটি টেলিভিশন নিতে পারে সমাজের অনেক ভালো ও শুভ ঘটনার নেপথ্য শক্তি। টেলিভিশন মানুষকে আরো সক্রিয় করতে পারে দেশের পথে। এই বিশ্বাস থেকে প্রতি বছরের মতো গত বছরটিতেও নিয়মিত কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে নতুন নতুন কিছু কর্মসূচি ও অনুষ্ঠান। যেগুলো এক ধরনের সামাজিক আন্দোলন। চ্যানেল আই তার পথচলার সতের বছরে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমুখি কার্যক্রমে আগের চেয়ে আরো প্রসারিত করেছে কর্মপরিধি।

SD থেকে HDতে
চ্যানেল আই উনিশ বছরে পদার্পন উপলক্ষে আরো ঝকঝকে ছবি ও শব্দের নিশ্চয়তা দিতে স্ট্যান্ডার্ড ডেভিনেশন থেকে হাই ডেভিনেশনে সম্প্রচারে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চ্যানেল আই বরাবরই কারিগরী উৎকর্ষ বজায় রেখে চলেছে। বিশেষ করে দর্শকচাহিদা ও সুবিধার দিকটিকে মাথায় রেখে তাদের জন্য সহজতর ও উৎকৃষ্ট মাণকেই চ্যানেল আই সামনে আনতে চায়।

চ্যানেল আই অনলাইন HD লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

ইস্পাহানি বাংলাবিদ
চ্যানেল আই এর নতুনত্বের অভিযাত্রায় সর্বশেষ সংযুক্তি ‘ইস্পাহানি বাংলাবিদ’। বাংলা ভাষা নিয়ে বাংলা টেলিভিশনে প্রথমবারের মতো মনোজ্ঞ ও অপরিহার্য একটি আয়োজন। শিশু কিশোরদের বাংলা ভাষা বিষয়ক জানাশোনা নিয়ে এই আয়োজন হলেও এর মধ্য দিয়ে বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলাভাষীদের মধ্যে নতুন এক জাগরণ তৈরি হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইস্পাহানি বাংলাবিদের মহোৎসব। চ্যানেল আই-এর ইতিবাচক কর্মপ্রয়াসের অন্যতম অংশ হিসেবে এই আয়োজনও প্রতিবছরই নতুন নতুন বিষয়বৈচিত্র নিয়ে আসবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যানেল আই এর ক্রমবিকাশ
এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। এদিকেও ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে চ্যানেল আই এর কর্মপরিধি। ইতোমধ্যে বিশ্বব্যাপী বাঙালি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড একটি চ্যানেল এবং সেখানে প্রতিদিন কোটি দর্শক সুযোগ পাচ্ছেন চ্যানেল আইয়ের সব অনুষ্ঠানের সঙ্গে থাকার। অনলাইনের ফেসবুক পেজও ইতোমধ্যে ভেরিফাইড হয়েছে। সবসময় বিপুল সংখ্যক দর্শক ও অনুসারি চ্যানেল আই এর সঙ্গে আরো নিবিড়ভাবে থাকতে পারছেন।

২০১৫ সাল থেকে যাত্রা করেছে চ্যানেল আই এর পৃথক একটি নিউজ পোর্টাল। অনলাইন সংবাদের একটি সমৃদ্ধ প্লাটফর্ম হিসেবে পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এই পোর্টাল। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থেকে এই মাধ্যমটি প্রতিনিয়ত এগিয়ে চলেছে। ত্বরিৎ সংবাদ প্রবাহে এই পোর্টাল রাখছে গুরুত্বপূর্ণ অবদান।

গানে গানে সকাল শুরু: সঙ্গীতের শুদ্ধধারা ও উৎকর্ষ
দিনের শুরু মানেই চ্যানেল আই-এর গানের আয়োজন। ‘গানে গানে সকাল শুরু’ নামের সরাসরি অনুষ্ঠানটি ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। দেশের বিশিষ্ট শিল্পীরা অংশ নেন সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে। ২০১২ সালের ২৯ মে যাত্রা শুরু করে এই অনুষ্ঠানটি। পাঁচজন যন্ত্রশিল্পীর সঙ্গে এক অথবা একাধিক শিল্পীর গানের এই অনুষ্ঠানটি ইতোমধ্যে দেশের সকল দর্শকশ্রোতার কাছে টেলিভিশনে অন্যতম প্রিয় একটি গানের অনুষ্ঠানে পরিণত হয়েছে। এ অনুষ্ঠানে অসংখ্য খ্যাতনামা ও নবীন শিল্পী অংশ নিয়েছেন।

দেশীয় সংগীতের বিকাশ এবং শিল্পী ও কলাকুশলীদের সার্বিক উন্নয়নের স্বার্থে চালু রয়েছে চ্যানেল আই-এর বেশ কিছু গানের অনুষ্ঠান। এছাড়া চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’।

চ্যানেল আই সংবাদের সতের বছর
২০০১ সালের ১ অক্টোবর চ্যানেল আই’র তৃতীয় বর্ষে পদার্পণের শুভমুহূর্তে যাত্রা শুরু করে চ্যানেল আই সংবাদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তন, বহু ঘটনা, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রতিকূল ও সংকটময় পরিস্থিতি এসেছে। সবক্ষেত্রেই সঠিক ও তাৎক্ষণিক তথ্যের জন্য দর্শকদের সবচেয়ে কাছাকাছি থেকেছে চ্যানেল আই। সবচেয়ে দ্রুত পূরণ করেছে দর্শকদের প্রতিমুহূর্তের তথ্যের ক্ষুধা। এ ক্ষেত্রে প্রতিদিন লাইভ সম্প্রচার এবং এ সংক্রান্ত পেশাদারিত্ব ও কারিগরী উৎকর্ষে চ্যানেল আই সংবাদ বস্তুনিষ্ঠতায় এক স্বতন্ত্র অবস্থান গড়েছে। সংবাদ পরিবেশনে চ্যানেল আই বরাবরই থেকেছে গণমুখি অবস্থানে। প্রতিদিন চ্যানেল আই সংবাদে ১০টি পূর্ণাঙ্গ সরাসরি বুলেটিন ছাড়াও প্রতি ঘন্টায় শীর্ষ সংবাদ প্রচারিত হয়। পথচলার শুরু থেকেই চ্যানেল আই কৃষি ও গ্রামীণ জনপদকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছে। সংবাদ চালুর দেড় বছরের মধ্যে চ্যানেল আই বাংলাদেশে প্রথম ‘জনপদের খবর’ চালু করে। গণমাধ্যমগুলোতে অনুসৃত হতে থাকে কৃষি ও গ্রামীণ জনপদকে গুরুত্ব দেয়ার এই রেওয়াজ। এর ধারাবাহিকতায় চ্যানেল আই ২০০৭ সাল থেকে শুরু করে প্রতিদিনের জাতীয় সংবাদের সঙ্গে যুক্ত করে কৃষি সংবাদ। যা পরবর্তীতে সব টেলিভিশনেই চালু হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসে প্রথম বিশেষায়িত পূর্ণাঙ্গ কৃষি সংবাদ প্রচারের উদ্যোগ গ্রহণ করে চ্যানেল আই। ২০১০ সালের প্রথম দিন থেকে শুরু হয় এ সংবাদ।

চ্যানেল আই-ই দেশে প্রথম প্রতিদিনের সংবাদপত্রের খবর নিয়ে ‘সংবাদপত্রে বাংলাদেশ’ অনুষ্ঠান প্রচার শুরু করে। প্রতিদিনের প্রথম প্রহরে অর্থাৎ রাত বারোটায় মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় শুরু হয় গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র। এটি এখন বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য একটি অনুষ্ঠান।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চলচ্চিত্র
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত মোট চলচ্চিত্রের সংখ্যা ১৭০ এরও অধিক। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো বেশকিছু চলচ্চিত্র। সুস্থধারার ও বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ ও দর্শকপ্রিয়তায় ইমপ্রেস টেলিফিল্ম এখন শুধু বাংলাদেশের দর্শকদেরই মন জয় করেনি, বিশ্ব চলচ্চিত্রেও অর্জন করেছে গুরুত্বপূর্ণ স্থান। ২০০৫ সাল থেকে প্রতি বছরই এ ইমপ্রেসের সিনেমা অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ পর্যন্ত ইমপ্রেস-এর চলচ্চিত্র ৪৮টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ১৪০টি। যা বেসরকারি কোন নির্মাতা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ সংখ্যক পুরস্কার।

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’
ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’

ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে ইমপ্রেস টেলিফিল্ম লি. নির্মিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে। লন্ডন, ফ্রান্স ও জেনেভায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। এছাড়া অ্যামিরাটস্ ও ওমান এয়ারসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমান বহরে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। সিঙ্গাপুর ও ফ্রান্সসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লি. এর চলচ্চিত্র। ব্রিটেনের চ্যানেল ফোরসহ বিভিন্ন টেলিভিশন এবং জাপানের বিভিন্ন টেলিভিশন ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র সম্প্রচার করছে এবং তাদের চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষণ করেছে। দেশবিদেশে সাড়া জাগানোর পাশাপাশি দিনের পর দিন সমৃদ্ধ হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর চলচ্চিত্র আর্কাইভ।

রাজনীতি ও গণতন্ত্র বিকাশ
তৃতীয় মাত্রা
চ্যানেল আই-ই দেশে প্রথম গণমাধ্যমে গণতন্ত্র ও জবাবদিহিতা চর্চার উদ্যোগ হিসেবে শুরু করে টক শো তৃতীয় মাত্রা। এটিই দেশের প্রথম অনুষ্ঠান যা পরস্পরবিরোধী দুটি রাজনৈতিক দলের নেতার মুখোমুখি সংলাপের আয়োজন। যা খ্যাতি পায় মিনি পার্লামেন্ট হিসেবে। জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি পার করেছে পথচলার এগারো বছর। এ অনুষ্ঠানগুলো শুধু গণমানুষেরই চোখ খুলে দেয়নি, দেশের সকল গণমাধ্যমেও অনুসৃত হয়েছে এই তৎপরতা।

পরিবেশ
প্রকৃতি ও জীবন
চ্যানেল আই এর ব্যাপক সমাদৃত কয়েকটি অনুষ্ঠানের একটি হচ্ছে প্রকৃতি ও জীবন। মুকিত মজুমদার বাবু উপস্থাপিত ও পরিচালিত বাংলাদেশের জীববৈচিত্র নিয়ে প্রথম ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। বাংলাদেশকে বলা হয় প্রকৃতি ও জীববৈচিত্রের এক সম্ভার। এখানে যেমন রয়েছে অফুরন্ত সম্ভাবনা, একইভাবে প্রাকৃতিক ও মানুষসৃষ্ট নানা কারণেই জীববৈচিত্রের অনেক কিছুই আজ বিপর্যস্ত। যা অনুসন্ধানী তথ্যচিত্র এবং সংলাপের মাধ্যমে তুলে ধরা হচ্ছে এ অনুষ্ঠানে। বাংলাদেশে প্রকৃতি ও জীববৈচিত্রের নিয়মিত অনুষ্ঠান হিসেবে এটি প্রথম উদ্যোগ। আট বছর ধরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রকৃতি সুরক্ষায় দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান হিসেবে প্রকৃতি ও জীবন পেয়েছে রাষ্ট্রীয় পুরস্কার জাতীয় পরিবেশ পদকসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এই কার্যক্রমের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশিষ্ট পরিবেশবিদ দ্বিজেন শর্মা, ড. আলী রেজা খান, পাখিপ্রেমী ইনাম আল হক, ড. নূরজাহান সরকার, ড. আইনুন নিশাত ও ইশতিয়াক উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

একজন মহিলা হাসিমুখে পোজ দিচ্ছেন, বাংলার সিনেমা ও বিনোদন জগতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটকাকু ও ছোটকাকু ক্লাব
গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের রচনা ও আফজাল হোসেন এর পরিচালনায় শিশু-কিশোরদের বিনোদনধর্মী সাহিত্য ও টেলিভিশন কার্যক্রম ‘ছোটকাকু’ সাড়া জাগিয়েছে দেশব্যাপী। ছোটকাকু একটি রহস্য নাটকের চরিত্র। বিশেষ করে দেশের শিশু-কিশোরদের মাঝে অল্পদিনেই ব্যাপক পরিচিতি পেয়েছে এই ছোটকাকু। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ছোটকাকু ফ্যান ক্লাব। ওই ফ্যান ক্লাবের সঙ্গে শিশু কিশোরসহ সকল বয়সী ব্যক্তিদেরকে যুক্ত করা হচ্ছে। যারা সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে ভূমিকা রাখবে। এই ছোটকাকু ক্লাবের মধ্য দিয়েই চ্যানেল আই স্বপ্ন দেখছে শান্ত-সুশৃংখল এক সুন্দর সমাজ। প্রতি ঈদের সাতদিনের অনুষ্ঠান আয়োজন জুড়েই থাকে ধারাবাহিক ছোটকাকু সিরিজ। শিশু-কিশোরদের রহস্য গল্পের যুগ নতুন করে ফিরিয়ে আনতে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের অনবদ্য এই আয়োজন সাড়া জাগিয়েছে সারাদেশে। এখন এটি ঈদের কিশোর কিশোরীদের অন্য অনন্য এক টেলিভিশন ধারাবাহিক।

কৃষি ও গ্রামীণ উন্নয়ন: হৃদয়ে মাটি ও মানুষ
শাইখ সিরাজের পরিকল্পনা, ও পরিচালনায় নিয়মিত অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ দেশের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে রাখছে নানামুখি ভূমিকা। পথচলার তের বছর অতিক্রম করেছে এ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উদ্বুদ্ধ হয়ে দেশে সাফল্য ও প্রতিষ্ঠা পেয়েছেন বহুসংখ্যক সফল কৃষক ও খামারি। কৃষক তথা গ্রামীণ জনগোষ্ঠি ও সরকারের মধ্যে গড়ে উঠেছে একটি সেতুবন্ধন। প্রতি বছরের জাতীয় বাজেটের আগে তৃণমূল কৃষকদের সঙ্গে প্রাকবাজেট আলোচনা ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ এ অনুষ্ঠানে দিয়েছে এক নতুন মাত্রা। ওই কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর চ্যানেল আই- এর মাধ্যমে কৃষকচাহিদার আলোকে প্রস্তুত করা সুপারিশমালা প্রদান করা হয় সরকারের কাছে। প্রতি বছর জাতীয় বাজেটে এই সুপারিশমালার অনেকাংশ বাস্তবায়িত হচ্ছে। চ্যানেল আই-এর তুমুল দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান হচ্ছে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় প্রতি বছরের ঈদ আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’। হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে দেশের কৃতি ও সফল কৃষকদেরকে চ্যানেল আই কৃষি পুরস্কাকে ভূষিত করার কার্যক্রম হাতে নেয়া হয়। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত দেশের ৮ জন সফল কৃষক পেয়েছেন চ্যানেল আই কৃষি পদক। এছাড়া ২০১০ সাল থেকে চলছে হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে নাগরিক শিক্ষার্থীদের কৃষি উৎপাদন থেকে বাণিজ্য পর্যন্ত ব্যবহারিক শিক্ষার কার্যক্রম ‘ফিরে চল মাটির টানে’। যা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া জাগিয়েছে।

বাঙালির রেসিপি ও কেকা ফেরদৌসীর রান্না বিষয়ক অনুষ্ঠান
এদেশে টেলিভিশনে প্রতিদিন রান্নাবিষয়ক অনুষ্ঠান চালু করে চ্যানেল আই। রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় রান্নাবিষয়ক নিয়মিত অনুষ্ঠানের বাইরেও ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ইভেন্ট। দেশী বিদেশী বৈচিত্র্যময় খাদ্য-সামগ্রী ও পাক প্রণালী নিয়ে কেকা ফেরদৌসীর নিয়মিত রান্নাবান্না বিষয়ক অনুষ্ঠান ‘দেশ বিদেশের রান্না’। প্রতিবছর ইফতারি আয়োজন নিয়ে কেকা ফেরদৌসী’র মনোহর ইফতারি অনুষ্ঠান ব্যাপক সাড়া জাগায়। এ অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের নতুন নতুন খাদ্য ও রেসিপির সঙ্গে পরিচিত হতে পারছেন দর্শক।

স্বর্ণকিশোরী
বর্তমান বাংলাদেশের ২ কোটি কিশোরীর মাঝে প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করেছে চ্যানেল আই। স্বর্ণকিশোরী নামের এই অভিযানের সঙ্গে একাত্ম হয়েছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কার্যক্রমের আওতায় বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে মেয়ে শিশুদের স্বাস্থ্য সচেতন হয়ে ওঠা, সামাজিক বিভিন্ন সীমাবদ্ধতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠতে দেশব্যাপী চলছে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানমালা। এর আওতায় দেশের ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদেরকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রমটি তৃতীয় বর্ষে এসে ব্যাপক সাড়া জাগিয়েছে।

ভাগ্যলক্ষী এসএমই বাংলাদেশ
দেশের বেকার তরুণদের কর্মমুখি করতে এবং নতুন উদ্যোক্তাদের উজ্জীবিত করতে চ্যানেল আইয়ের অনন্য আয়োজন ভাগ্যলক্ষ্যী এসএমই বাংলাদেশ অনুষ্ঠান। অপু মাহফুজের উপস্থাপনা পরিচালনা ও গ্রন্থনায় নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠানটি ইতোমধ্যেই পথচলার তিন বছর পার করেছে। এরই মধ্যে এ অনুষ্ঠানের মাধ্যমেই দেশের বিপুল সংখ্যক উদ্যোক্তার বিপনন প্লাটফরম সুলতান বিডিওয়ার্ল্ড ডট কম এর কার্যক্রম শুরু হয়েছে।

বাঙালি ঐতিহ্য ও মেলা
পরিবর্তিত সময়ে আবহমান বাংলার অনেক ঐতিহ্যই যখন হারাতে বসেছে তখন চ্যানেল আই নিজস্ব প্রাঙ্গণে বাঙালি জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পর্বে মেলার আয়োজন করে আসছে। বৈশাখী মেলা, রবীন্দ্র মেলা, নজরুল মেলা, পৌষ মেলা, বিজয় মেলা, বাংলা বর্ষবরণ এগুলোর অন্যতম। আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চুর পরিচালনা ও তত্ত্বাবধানে দিনে দিনে ব্যাপকসাড়া জাগাচ্ছে এসব মেলা। এর সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই প্রকৃতি মেলা। প্রকৃতি ও জীব বৈচিত্র রক্ষার তাগিদ থেকেই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে থেকে শুরু হয়েছে এই মেলা। এছাড়া প্রতিবছর দেশীয় চলচ্চিত্রের বিকাশে আবদুর রহমানের পরিচালনায় দিনব্যাপী চলচ্চিত্র মেলা এবং সারাদেশের আদিবাসী সম্প্রদায়ের বর্ণাঢ্য জীবন ও সংস্কৃতিকে বিশ্বময় তুলে ধরার জন্য আয়োজন করা হয় ‘আদিবাসী মেলা’। বর্ষা উৎসব, শরৎ উৎসব, শীত উৎসব, বসন্ত উৎসব এর আয়োজন সরাসরি সম্প্রচারের সুবাদে সারাবিশ্বের বাঙালি দর্শক এতে সম্পৃক্ত হওয়ার সুযোগ পান।

জনতা সমাবেশে বক্তা ভাষণ দিচ্ছেন, চারপাশে উপস্থিত মানুষরা উৎসাহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ও সুরের ধারার যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার কণ্ঠশিল্পীর গানের মধ্য দিয়ে শুরু হয় নতুন বর্ষবরণ। বাংলা বর্ষের সূচনায় এ এক বিশাল আয়োজন।

অমর একুশে বইমেলা সরাসরি
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বর্পূ প্রতিষ্ঠান বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার সঙ্গে চ্যানেল আই-এর গভীর যোগসূত্র গড়ে উঠেছে। গত একযুগ ধরে চ্যানেল আই মাসব্যাপী বইমেলা সরাসরি সম্প্রচার করছে। শুধু তা-ই নয়, এই বইমেলাকে প্রাণবন্তও অর্থবহ করে তুলতে প্রতিদিন প্রতিটি সংবাদ বুলেটিনে বইমেলাভিত্তিক একাধিক রিপোর্ট, বই ও মেলা নিয়ে বিভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া চ্যানেল আই এর অঙ্গ প্রতিষ্ঠান বিনোদন পাক্ষিক আনন্দ আলো মাসব্যাপী বইমেলাকে ঘিরে প্রতিদিন বইমেলা নামে একটি নিয়মিত বুলেটিন প্রকাশ করে থাকে। এছাড়া বইমেলায় প্রকাশিত বই নিয়ে সিটি গ্রুপ ও আনন্দ আলো যৌথভাবে প্রদান করে সাহিত্য পুরস্কার।

ফিউচার লিডার্স প্রোগ্রাম ইন বিজনেস
বহির্বিশ্বের ব্যবসা বাণিজ্যের ধরণ ও ধারণা বাংলাদেশের নতুন প্রজন্মের মাঝে সহজভাবে তুলে ধরে ভবিষ্যৎ উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃত্ব গড়ে তুলতে চ্যানেল আই শুরু করে ব্যবসায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ফিউচার লিডার্স প্রোগ্রাম ইন বিজনেস। ইতোমধ্যে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে চতুর্থ বছরের কার্যক্রম শেষে বেশকিছু ফিউচার লিডার পৃথিবীর স্বনামখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য বৃত্তি পেয়েছেন।

আফ্রাদ যুক্তরাজ্যে দ্বিতীয় রানার আপের শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকার সঙ্গে দর্শকদের সরাসরি আলাপন: তারকাকথন
চ্যানেল আই এর প্রতিদিনের সরাসরি অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম দর্শকপ্রিয় অনুষ্ঠান হচ্ছে অনন্যা রুমা প্রযোজিত ‘তারকাকথন’। বিভিন্ন মাধ্যমের খ্যাতিমান তারকাদের সঙ্গে সরাসরি ফোন আলাপে অংশ নিতে পারেন এই অনুষ্ঠানে। দেশের খ্যাতিমান তারকাদের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানানো হয় এই অনুষ্ঠানে এনে। উল্লেখ্য, যে দেশের খ্যাতিমান শিল্পী ও গুণী ব্যক্তিত্বদের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন ও সংবাদে বিশেষ গুরুত্ব দিয়ে তা প্রচার করার ক্ষেত্রে চ্যানেল আই-তে পথচলার শুরু থেকেই একটি রেওয়াজ চালু রয়েছে।

আড়ং ডেইরি বাংলার গান
গত বছর চ্যানেল আইতে ছিল নতুন আরেকটি মেগা ইভেন্ট ‘আড়ং ডেইরি বাংলার গান।’ চ্যানেল আই আধুনিক, রবীন্দ্র, নজরুলসঙ্গীত নিয়ে বহু অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলা গানের শেকড় তুলে আনার অংশ হিসেবেই পল্লীর সবধরনের গান তুলে আনার এই আয়োজন ‘আড়ৎ ডেইরি বাংলার গান’। এই আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আই পেয়েছে বাংলা লোকগানের তরুণ একাধিক শিল্পী। যারা লোকগানে আগামী দিনের প্রতিনিধিত্ব করবে।

চ্যানেল আই-সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ
ক্রিকেটের ঘরোয়া লিগের আদলে গানের খেলার মধ্য দিয়ে দর্শকদের ভিন্নধর্মী ও সম্পূর্ণ নতুন ধারার মিউজিক্যাল রিয়েলিটি শো’র উপহার দিতে চ্যানেল আই প্রথমবারের মতো আয়োজন করে মিউজিক্যাল প্রিমিয়ার লিগ। চ্যানেল আই সেভেন-আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে বের হয়েছেন সঙ্গীতের একদল নতুন মুখ। নতুন ধারার এই সংগীত প্রতিযোগিতায় কমিউনিক্যাশন এন্ড অ্যাক্টিভেশন পার্টনার হিসেবে ছিল এশিয়াটিক থ্রি সিক্সটি।

ফেয়ার এন্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি
দেশের প্রথম সুন্দর পুরুষ অনুসন্ধানমূলক রিয়েলিটি শো এর আয়োজন করে। কয়েক বছর ধরে এ অনুষ্ঠান চলছে। এর মধ্য দিয়ে বেরিয়েছে দেশের অনেক পুরুষ অভিনয়শিল্পী। এ বছর এ অনুষ্ঠানটির নাম ফেয়ার এন্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি। এর আগে অনুষ্ঠানটির নাম ছিল ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশ থেকে খুঁজে বের করে আনা হয় সত্যিকারের হ্যান্ডসামদের। এ অনুষ্ঠানের মাধ্যমে চার দফায় নতুন নায়ক বের হয়েছে। ইতোমধ্যে তারা অংশ নিচ্ছেন টেলিভিশনের বিভিন্ন ইভেন্ট ও নাটকে। শুরু হয়েছে ফেয়ার এন্ড হ্যান্ডসাম আলটিমেট ম্যানের দ্বি নতুন সিজন।

চ্যানেল আই অনলাইন অফিস ভবনের বহির্দৃশ্য, গাড়ি পার্কিং সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই-এর দর্শকপ্রিয় অনুষ্ঠান
চ্যানেল আই-এর অনুষ্ঠান ভান্ডার সবসময়ের জন্যই পূর্ণ। গত আঠারো বছরের অবিরাম পথচলায় প্রচারিত হয়েছে অগণিত নতুন নতুন অনুষ্ঠান। বিশেষভাবে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে রমজান মাসের নিয়মিত ও তুমুল জনপ্রিয় অনুষ্ঠান কাফেলা, সপ্তাহের আলোচিত ও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রতি সপ্তাহে ফোন ইন লাইভ অনুষ্ঠান গ্রামীণ ফোন টেলিসময়, প্রতিদিনের সংবাদপত্রের গণপ্রতিক্রিয়াধর্মী অনুষ্ঠান পাবলিক রিঅ্যাকশন, নিয়মিতভিত্তিক স্বাস্থ্য বিষয়ক দুটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। একটি আপনার সুস্বাস্থ্য ও অন্যটি সরাসরি অনুষ্ঠান টেলি প্রেসক্রিপশন, আলোকিত মানুষদের নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান আলী যাকের-এর ‘আলোয় ভুবন ভরা’, আবদুর রহমানের উপস্থাপনায় বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘সাময়িকী’, বিশিষ্ট ব্যক্তিত্বদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান চ্যানেল আই এক্সক্লুসিভ, নিয়মিত খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান স্পোর্টস টাইম, নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান কামরুজ্জামান সোহেলের পরিচালনায় ‘সত্যের সন্ধানে’সহ দর্শকদের সরাসরি অংশগ্রহণমূলক বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হয়। দেশের যেকোন জরুরি অবস্থায় চ্যানেল আই তাৎক্ষণিক দর্শক চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ আয়োজন করে থাকে।

সবাইকে শুভেচ্ছা…
একে একে আঠারো বছর পেরিয়ে এসেছে চ্যানেল আই। এটি বহু মানুষের শ্রম, নিষ্ঠা, স্বপ্ন আর তৎপরতার যোগফল। সেই সঙ্গে ছয়টি মহাদেশের বাঙালিরা তো আছেনই। যারা সবসময়ই শক্তি ও সাহস যুগিয়ে চলেছেন চ্যানেল আইকে, তার যুগপোযাগী প্রতিটি উদ্যোগকে। যে দায়বদ্ধতা নিয়ে শুরু হয়েছিল পথচলা, সেখান থেকে এক চুলও সরেননি চ্যানেল আই কর্তপক্ষ থেকে শুরু করে এর সঙ্গে সংশ্লিষ্ট নিষ্ঠাবান কর্মীরা। যাদের প্রতিদিনের চিন্তা-শ্রম ও নিষ্ঠায় সূচনা হয় একেকটি নতুন অধ্যায়ের, নতুন ধারার। ঊনিশ বছরে পদার্পণের শুভলগ্নে চ্যানেল আই এর সকল দর্শক, কর্মকুশলী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ সবাইকে উষ্ণ শুভেচ্ছা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উনিশের উচ্ছ্বাসচ্যানেল আইচ্যানেল আই অনলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT