প্রথম টেস্টে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হার। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫৩ রানে হেরে ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠের সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা। ভারত সিরিজের আগে জিম্বাবুয়ের মতো টেবিলের তলানির দলের কাছে ঘরের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারে লঙ্কানরা। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকেও প্রথম দিকে ছিটকে দলটি। আট বছর ধরে দেশের বাইরেও কোন সিরিজ জিততে পারেনি সাঙ্গাকারা-মাহেলার উত্তরসূরিরা।
বিশ্বকাপজয়ী একটি দলের এহেন নাজুক পারফরম্যান্সে চটেছেন সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ক্রিকেটারদের মুণ্ডুপাত। ক্রিকেটারদের উপহাস করতে ছাড়েননি সেদেশের একজন মন্ত্রীও। তবে সমর্থকদের তিরস্কারে ক্রিকেটারদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছে লঙ্কান বোর্ড। বরং তৃতীয় টেস্টের আগে মনোবল শক্ত রাখতে দলের খেলোয়াড়দের প্রতি আহবান জানিয়েছেন সাবেক অরবিন্দ ডি’সিলভা।
বোর্ডের দেওয়া বিবৃতিতে মেন্টর ডি’সিলভা বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নানা মাধ্যমে তাদের হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এমন আচরণে তরুণ খেলোয়াড়দের নিরুৎসাহিত হওয়া উচিত নয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে শ্রীলঙ্কা দলকে উপহাস করে এক সমর্থক লিখেছেন, ‘শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে জিতেছে, কারণ তারা দুবার ব্যাট করেছে আর ভারত একবার।’
আরেকজন লিখেছেন, স্বাগতিকরা ম্যাচ ছেড়ে দিয়েছে, কারণ বৌদ্ধদের ছুটির দিন থাকায় তারা পঞ্চম দিনে খেলতে চায়নি।
নিজেদের দলকে উপহাস করে বিরাট কোহলির সঙ্গে ছবিসহ টুইট করেন মন্ত্রী হার্সা ডি’সিলভাও।







