যশোরের শার্শায় তিল চাষ বেড়েছে। সার ডিজেল ও কীটনাশকের দাম বেশি এবং ধানের দাম কম হওয়ায় শার্শার কৃষক এ বছর তিল চাষ করেছেন বেশী ।
ধান চাষ করে উৎপাদন খরচও ঘরে তুলতে পারছেন না শার্শার কৃষক। তাই ধানের বিকল্প হিসেবে তিল চাষে আগ্রহী হয়েছেন তারা । তিল গাছ ফুলে ফলে ভরে উঠেছে মাঠের পর মাঠ । অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে অনেক ভালো।
কৃষক জানান, তিল চাষে বিঘা প্রতি খরচ হয় ১৫০০ টাকা। সে হিসেবে তিন বিঘা তিল চাষে খরচ হচ্ছে সাড়ে চার হাজার টাকা।
এ বছর যশোরের শার্শায় সাতশ’ ৮০ হেক্টর জমিতে তিল চাষ হয়েছে। প্রতি বিঘায় ফলন পাওয়া গেছে ৮ মণ। তিলের ন্যায্য দাম পাওয়ার আশা করছেন কৃষক।
রবি ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করতে ডাল তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
শার্শা উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার বলেন, কৃষকরা তিল চাষে আগ্রহী হচ্ছে এবং এতে তারা বেশী লাভবান হচ্ছে।
প্রতি বছর প্রচুর পরিমানে তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। তেলের ঘাটতি পূরণে তিল চাষ বাড়ানো জরুরি বলে মনে করে কৃষি বিভাগ।







