তিন যুগেও বাস্তবায়ন হয়নি বসুন্ধারা-জোয়ারসাহারা আবাসিক সংযোগ ফুটওভার ব্রীজটি। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়েই পার হচ্ছেন রাজপথের এই অংশটুকু। এবারের বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা থেকে মুক্তি নেই ওয়ার্ডবাসীর।
খিলক্ষেত, কুড়িল, কুরাতুরী, জোয়ারসাহারা, ওলিপাড়া এবং জগন্নাথপুরসহ প্রায় ৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটির ১৭ নম্বর ওয়ার্ড। প্রায় ১ লাখ ১৫ হাজার ভোটারের এই ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৫ লাখ।
রাজধানীর নীচু এলাকা হওয়ায় দিনে দিনে জলাবদ্ধতা সমস্যা হয়েছে প্রকট। গ্রীস্মের দাবদাহেও এখানে রাস্তায় থাকে হাটু পানি। বিষয়টি নিয়ে ক্ষোভের অন্ত নেই ওয়ার্ডবাসীর।
জলাবদ্ধতা নিরসনে প্রধান সড়কের সুয়ারেজ লাইন পরিস্কার করে রাস্তার ওপরেই তা ফেলে রাখা হয় দিনের পর দিন। তবে কিছু এলাকায় জলাবদ্ধতাকে স্থায়ীভাবে না করে দিয়েছে এলাকাবাসী। বসতবাটির জমি ছেড়ে বিশাল আকারের সুয়ারেজ লাইন তৈরি করারও জায়গা দিয়েছেন তারা।
সবকিছু ছাপিয়ে ওয়ার্ডবাসীর প্রধান সমস্যা প্রগতী স্মরণীর বসুন্ধারা মোড়ে একটি ফুটওভার ব্রীজ না থাকা। জীবনের ঝুকি নিয়ে ওয়ার্ডবাসী যেভাবে রাস্তা পার হয় প্রতিনিয়ত যা দেখলে ভয়ে গা শিহরে উঠবেই।







