জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে ফ্যাবিও লোপেজকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মারুফুল হক। লোপেজের অব্যাহতি ও মারুফুল হকের নিয়োগের কথা নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
ডাচ কোচ ডি ক্রুইফের বিদায়ের পর সেপ্টেম্বরে মাত্র চার মাসের জন্য বাংলাদেশ জাতীয় দলের ফুটবল কোচ হোন ফ্যাবিও লোপেজ। কিন্তু গত তিন মাসে তার পারফরম্যান্সে হতাশ বাফুফে। তার অধীনে পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে জাতীয় দল। এর পরই প্রশ্ন উঠে ইতালিয়ান এ কোচের যোগ্যতা নিয়ে।
গত কয়েক বছর ধরে সাফ চ্যাম্পিনয়নশিপে ভালো করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে বাংলাদেশ। ডাচ কোচ ডি ক্রুইফ ভালো করতে না পারায় বিদায় দেওয়া হয় তাকে। চারমাসের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় ইতালিয়ান কোচ লোপেজকে। কিন্তু এক মাস আগেই শেষ হলো লোপেজ অধ্যায়।
তার অধীনে পাঁচ ম্যাচেই হেরেছে দল। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে শোচনীয় হারার পর সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে চীনে একটি প্রাদেশিক টুর্নামেন্টে খেলে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে মিয়ানমারের একটি ক্লাবের কাছে এবং দ্বিতীয় ম্যাচে চীনের তৃতীয় বিভাগের একটি ক্লাবের কাছে হেরে যায় মামুনুলরা।
এই ব্যর্থতা ছাড়াও লোপেজের বিরুদ্ধে প্রথম একাদশ নির্বাচন নিয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরিক্ষার অভিযোগ রয়েছে। সভাপতি হিসাবে সাত বছর দায়িত্ব পালন কালে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফে’র বর্তমান নির্বাহী কমিটি এই নিয়ে সাত বিদেশী ও দুই দেশী কোচকে বরখাস্ত করেছে।
চাকরি হারানোদের তালিকায় আছে মারুফুল হকও, যিনি নতুন করে আবারো দায়িত্ব পেলেন। ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশ নেবে বাংলাদেশ দল।







