মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢুকতেই চোখে পড়ল গ্যালারি থেকে তুলে ফেলা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া চেয়ার। সেখানে বসানো হবে নতুন চেয়ার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে ভেন্যুর সংস্কার কাজে হাত দিয়েছে বিসিবি। বিপিএলের অন্য দুই ভেন্যু চট্টগ্রাম ও সিলেটেও কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট হয়েছিল চট্টগ্রামে। সেখানকার গ্যালারির জীর্ণদশা চোখে পড়ে সবার। ভাঙা চেয়ারের স্তূপ দেখা যায় সাগরিকার ভেন্যুটিতে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পুরনো চেহারা ফিরবে বিপিএলের আগেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও হবে কিছু সংস্কার কাজ।
নতুন বছরের ২১ জানুয়ারি শুরু হবে বিপিএলের অষ্টম আসর। খেলা হবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে গুরুত্ব পাচ্ছে আমাদের অবকাঠামো, যেগুলো আছে সেগুলোকে আপগ্রেড করা বা উন্নত করা। সেই ধারাবাহিকতায় আমরা কিছু কাজ শুরু করেছি।’
‘আমরা ইভেন্ট ধরে কাজ করছি। যে সমস্ত ভেন্যুতে ইভেন্ট হবে, সেগুলোর কাজ অগ্রাধিকার ভিত্তিতে আগে ভালো করব। তারই অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামের চেয়ার, যেগুলো নষ্ট হয়েছে তা পরিবর্তনের কাজ শুরু করেছি।’







