সাউথ আফ্রিকা সফর শেষ করে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দল। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে আসবেন কয়েকজন সদস্য। বৃহস্পতিবার সকালে ও বিকেলে আরও দুটি ভাগে ঢাকায় পৌঁছাবেন ক্রিকেটাররা। ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামবেন।
কোচদের কেউই আসছেন না এখন। ৮ মে পর্যন্ত ছুটিতে থাকবেন ডমিঙ্গো-ডোনাল্ডরা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে বললেন এমনই।
‘যেহেতু এখন জাতীয় দলের ব্যস্ততা নেই, তাই কোচরা ছুটিতে থাকবেন। ৯ মে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তার আগেই কোচরা ঢাকায় আসবেন।’
আগামী ১৫-১৯ মে চট্টগ্রামে হবে শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের প্রথম টেস্টটি। ২৩-২৭ মে দ্বিতীয় তথা শেষ টেস্ট ঢাকায় হবে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। লঙ্কানদের বাংলাদেশে আসার কথা ৮ মে।







