দ্রুত এবং সঠিক সংবাদের সমন্বয় করে একে একে তিন বছর পার করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে চ্যানেল আই অনলাইন। তিন বছর পূর্তির এই দিনটিকে উদযাপন করলো চ্যানেল আই পরিবার।
বিকালে বার্তাকক্ষে কেক কেটে উদযাপনের শুরু। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই পরিবারের সদস্যরা ছিলেন এর অংশ, সেই সঙ্গে ছিলেন চ্যানেল আই অনলাইনের অগণিত দর্শক-পাঠক। ফেসবুক লাইভে তারা যুক্ত ছিলেন বার্তাকক্ষের সঙ্গে।
বিশেষ এই দিনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে থাকায় অগণিত পাঠক-দর্শককে শুভেচ্ছা জানান সম্পাদক জাহিদ নেওয়াজ খান। তিনি বলেন, আমাদের এই বর্ষপূতি উপলক্ষে গত রাত থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে যে শুভেচ্ছা জানিয়েছেন সবাই একটি কথা বলছে যে, চ্যানেল আই অনলাইন একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম।
তিনি বলেন, বর্তমানে অসংখ্য অনলাইন নিউজ পোর্টাল আছে, যে কেউ চাইলেই একটি পোর্টাল খুলতে পারেন। এই জায়গায় চ্যানেল আই অনলাইনের স্বাতন্ত্র্য হচ্ছে, আমরা চ্যানেল আই অনলাইকে মানুষের কাছে একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি।
ভবিষ্যতেও চ্যানেল আই অনলাইন এই ধারা অব্যাহত রাখবে বলে জানান তিনি। সেই সঙ্গে চ্যানেল আই অনলাইনের সঙ্গে যুক্ত সকল ও দর্শক-পাঠককে অভিনন্দন জানান।
এসময় চ্যানেল আই অনলাইনকে অভিনন্দন জানান চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাকিলা জেসমিন, অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সল, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথা।
বিশেষ এই দিনে বাংলাবই ও চ্যানেল আই অনলাইননের যৌথ আয়োজনে সেরা পাঠক ২০১৮, এপ্রিলের প্রথম পক্ষের বিজয়ী মো. আশিকুর রহমানকে বাংলা বইয়ের সৌজন্যে এক হাজার টাকার বই উপহার দেয়া হয়। উপহার তুলে দেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) তাহমিনা শারমিন রুমকী।








