ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে পরীক্ষা-নিরীক্ষায় ছিল সাউথ আফ্রিকা। টেস্ট সিরিজেও তার ব্যতিক্রম হচ্ছে না। চার ম্যাচের সাদা পোশাকের সিরিজের জন্য তিন নতুন মুখকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে প্রোটিয়ারা।
সাউথ আফ্রিকা দলে ডাক পাওয়া তিন নতুন হলেন- উইকেটরক্ষক ও উদ্বোধনী ব্যাটসম্যান হেইনো কুহন, মিডলঅর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম ও অলরাউন্ডার আন্দিলে ফেলুকায়ো।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রোটিয়া স্কোয়াড থেকে ছিটকে গেছেন স্টিফেন কুক, ওয়েন পার্নেল, ড্যান পিডেট ও হেইনরিখ ক্লাসেন।
লর্ডসে আগামী ৬ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস প্রথম টেস্টে থাকতে না পারলে উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার নেতৃত্ব দেবেন।
সাউথ আফ্রিকার টেস্ট দল:
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ডিন এলগার, হেইনো কুহন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, ডুয়ান্নে অলিভিয়ের, আন্দিলে ফেলুকায়ো, ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা।








