বলিউডে ইতিহাস তৈরি করছে পরিচালক এস এস রাজমৌলির নতুন ছবি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। গত শুক্রবার ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পাওয়ার পর প্রথম তিন দিনেই ছবিটি আয় করেছে ৫০৬ কোটি রুপি। এর মধ্যে ভারতে ৩৮৫ কোটি এবং বিদেশে ১২১ কোটি রুপি। এই ছবি দেখতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন দর্শকেরা। এ ছাড়া দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো আয়োজন করতে হয়েছে বিভিন্ন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষকে। আর তা অব্যাহত আছে এখনো।
ব্যাপক সাড়া পাওয়ায় দক্ষিণের পরিচালক এস এস রাজমৌলি ভক্ত-দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
গত শুক্রবার চারটি ভাষায় মুক্তি পেয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবিটি। দক্ষিণের এই ছবিতে অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, দাগ্গুবতী, রামাইয়া কৃষ্ণান ও সত্যরাজ।
২০১৫ সালে মুক্তি পায় ‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। ছবিটি তখন বক্স অফিসে ৬৫০ কোটি রুপি আয় করে। টিএনএন।








