বাংলাদেশের চাওয়া মেনে নিয়ে টি-টুয়েন্টি সিরিজ খেলতে রাজি আফগানিস্তান। পুরনো এ খবরের সঙ্গে নতুন সংযুক্তি, সিরিজটি হবে জুনের প্রথম সপ্তাহে। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, সফরে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ, সবগুলোই হবে দিবা-রাত্রির।
ভারতের দেরাদুন আফগানদের ভারপ্রাপ্ত হোম ভেন্যু! একেবারেই নতুন ভেন্যু। সেখানকার সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয়াদি দেখতে গেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রতিনিধিরা। ফিরে তাদের দেয়া রিপোর্টের ওপর ভিত্তি করে কয়েকদিনের মধ্যেই সূচিও চূড়ান্ত হবে বলে জানালেন নিজাম উদ্দিন।
আফগান সিরিজ নিয়ে অনেক আগে থেকেই কথা চললেও ফরম্যাট সিদ্ধান্ত এসেছে দিনকয়েক আগে। বিসিবি জানায় সিরিজটি টি-টুয়েন্টিরই হচ্ছে। তবে ম্যাচ সংখ্যা নিয়ে সিদ্ধান্ত হচ্ছিল না। সোমবার বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিরিজের সেসব অগ্রগতির কথাই জানালেন সিইও।
‘টি-টুয়েন্টিই হচ্ছে। তিন ম্যাচের সিরিজ। সবগুলোই ডে-নাইট। জুনের প্রথম সপ্তাহে হবে। খুব শিগগিরই সিরিজের চূড়ান্ত সূচি ও স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।’
আসছে ১৩মে থেকে টাইগারদের ক্যাম্প শুরু হচ্ছে। লক্ষ্য আফগান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ। সেজন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা হবে দু-একদিনের মধ্যেই। আর আফগান সিরিজের চূড়ান্ত দিনক্ষণের অপেক্ষাও ঘুচবে দ্রুততম সময়েই। সূচি চূড়ান্ত করার অপেক্ষা ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খানের দেশে ফেরার জন্য। সোমবারই ফেরার কথা। তার রিপোর্টের ওপর নির্ভর করেই বাকি বিষয়গুলো ঠিক করবে বোর্ড।
‘দেরাদুন একেবারে নতুন ভেন্যু। সেখানে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের সুযোগ সুবিধা, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় বিষয় দেখতে পাঠানো হয়েছে অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খানকে। সোমবারই ফিরবেন তিনি। তারপর ঠিক করা হবে সূচি।’ যোগ করেন নিজাম উদ্দিন।
গত মার্চে কলম্বোতে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টি-টুয়েন্টির নিধাস ট্রফিতে খেলেছিল টাইগাররা। তারপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। প্রায় তিন মাসের বিরতির পর আফগানিস্তানের বিপক্ষে ছোট ফরম্যাটের সিরিজ দিয়েই বছরব্যাপী ব্যস্ত সূচিতে ঢুকে যাচ্ছে টাইগাররা।







