টাঙ্গাইল, নাটোর ও বরগুনায় শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
টাঙ্গাইল:ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ফাহিম (১২) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় ফাহিমের বাবা আল-মামুন (৫০) ও মা সুমি আক্তার (৩৫) আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি টাঙ্গাইল পৌরসভার কলেজ পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আল-মামুন বাসাইলে তার শশুড়বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পরিবার নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া মোড়ে পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে ফাহিমকে মৃত ঘোষণা করেন। আহত সুমি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর এলাকায় ইটবাহী ট্রাকের চাপায় বিশু ফকির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে হিজলি দীঘা পাড়া গ্রামের ওয়াজেদ আলী ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,নাটোর-দয়ারামপুর সড়কের সোনাপুর বাজার এলাকায় ইটের গাড়ী থেকে পড়ে যায় বিষু ফকির। সেই গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা: বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।







