দুদলের প্রথম ইনিংস শেষ হওয়ার পরই ইনিংস পরাজয়ের শঙ্কা জেগেছিল ওয়েস্ট ইন্ডিজের। কারণ ১৩৪ রানেই থেমেছিল ক্যারিবীয়দের প্রথম ইনিংস। পরে ৯ উইকেটে ৫২০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ৩৮৬ রান করতে পারবে চিন্তা স্বয়ং ক্যারিবীয়রাও হয়ত করেনি! ক্রেইগ ব্র্যাথওয়েটের প্রতিরোধে একটা সময় ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন জেগেছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয়নি। তাসমান পাড়ে ঘটেছে ক্যারিবীয় বিপর্যয়ই।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৯ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ৬৭ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। চার দিনে পাওয়া দুর্দান্ত জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৪ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭৯ রানে অপরাজিত ছিলেন ব্র্যাথওয়েট। সঙ্গী ২১ রানে অপরাজিত শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন ছিল দুজনকে ঘিরেই।
চতুর্থ দিনের প্রথম সেশনেই সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন ব্র্যাথওয়েট-হোপ। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে আউট হয়েছেন ব্র্যাথওয়েট। ২২১ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯১ রান করেছেন। কিছুপর ১২৫ বলে ৩৭ রান করে ফেরেন শাই হোপও। পরে কেউই আর দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের হয়ে।
ব্র্যাথওয়েট-হোপ বাদে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন মাত্র তিনজন! রোস্টন চেজ ও আমব্রিস ১৮ রান করে করেছেন।
প্রথম ইনিংসে নিল ওয়াগনার একাই প্রায় সব কাজ শেষ করে দিয়েছিলেন। তিন উইকেট তুলে নিয়েছেন ম্যাট হেনরি। দুটি করে উইকেট নেন ওয়াগনার, ডি গ্র্যান্ডহোম ও ট্রেন্ট বোল্ট।









