লোকসংগীতের রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ চ্যাম্পিয়ন দিতি সরকার গাইলেন নতুন গান ‘প্রেমের মানুষ’, যে গানটি লিখেছেন তারেক আনন্দ। ইতোমধ্যে গানটি প্রকাশ হয়েছে গানকুটির ইউটিউব চ্যানেল।
‘মনটারে যখন বান্ধিলিরে পরান রাখিয়া, যাওয়ার কি আর সাধ্য আছে তোরে ছাড়িয়া’ এমন কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।
কণ্ঠশিল্পী দিতি সরকার বলেন, আমার খুব বেশি মৌলিক গান প্রকাশ হয়নি। প্রেমের মানুষ গানটি ক্যারিয়ারে নতুন সংযোজন হলো। সজীব দাস, তারেক আনন্দ ভাই আমাকে একটি মৌলিক গান উপহার দিলেন। সত্যিই অভিভূত হলাম। আশা করছি গানটি ভালো লাগবে সবার।
সজীব দাস বলেন, গানের ভাবনার সঙ্গে মিল রেখে সুর, সংগীত করেছি। দিতি দারুণ গেয়েছে। দিতির জন্য শুভ কামনা।
গীতিকার, সাংবাদিক তারেক আনন্দ বলেন, এ বছর আমার কথায় বেশকিছু গান প্রকাশ হবে ধারাবাহিক ভাবে। বছরের প্রথম দিন প্রকাশ হয় প্রদীপ্ত বাপ্পির কণ্ঠে ‘মাতাল’ গানের মিউজিক ভিডিও। একই মাসে দিতির কণ্ঠে প্রকাশ হলো ‘প্রেমের মানুষ’। ‘প্রেমের মানুষ’ গানটি আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।








