আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে। লন্ডন থেকে ভিডিওবার্তায় সরকার বিরোধী আন্দোলনের ডাক না দিয়ে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে রাজনীতি করার চ্যালেঞ্জ দিয়েছেন ওবায়দুল কাদের।
আদাবর থানা আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সের সমালোচনা করে বলেন, বিদেশে পালিয়ে থেকে তার দেওয়া কোনো ডাকে সাড়া দেবে না জনগণ।
নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি-ধামকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপি হাওয়ার উপর মিথ্যাচার করে। তাদের তো কোন কাজ নেই, তাদের আছে কথা। বিএনপির কয়েকজনের মধ্যে প্যাথলজিকাল মিথ্যাচার রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিক আমরা ব্যবস্থা নেব।
এর আগে সকালে কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। সেসময় নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না এলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।







