তামিলনাড়ুর মূখ্যমন্ত্রী জে জয়ললিতা দুই মাস আগে ঘোষণা দিয়েছিলেন আরো বাড়ানো হবে মাতৃত্বকালীন ছুটির সময়। এবার স্থানীয় সরকার সেই ঘোষণা বাস্তবায়িত করার জন্য সরকারি অর্ডার ইস্যু করলেন।
এই সেপ্টেম্বরে তামিলনাড়ুর সংসদে এই ঘোষণা দেন জয়ললিতা। সেখানেই তিনি জানান, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস মানে ১৮০ দিন থেকে বাড়িয়ে নয় মাস অর্থাৎ ২৭০ দিন করা হবে। সরকারি অর্ডারটিতে লেখা আছে, এই অর্ডার হওয়ার পরে যারা মাতৃত্বকালীন ছুটি নিবেন এবং যারা এখন ছুটিতে আছেন তারাও নয় মাসের (২৭০দিন) মাতৃত্বকালীন ছুটি পাবেন। এই সংক্রান্ত প্রয়োজনীয় সংশোধনী খুব দ্রুতই জানানো হবে।
জীবিত দুইটি সন্তানের জন্য বেতনসহ এই ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা। মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বাড়ানো জয়লতিতার নির্বাচনী অঙ্গীকারের একটি ছিলো। এর আগে ২০১১ সালে তিনিই মাতৃত্বকালীন ছুটি তিনমাস থেকে বাড়িয়ে ছয় মাস করেন।







