১৬৩ রান করেও জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। অপরদিকে দলের পারফরম্যান্সে সব মিলিয়ে দারুণ খুশী মুশফিক।
সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
১৬৩ রান করেও জয় না পাওয়ায় তামিম বলেন: এভাবে খেললে জয় পাওয়া যাবে না। যতো ভালো কোচ, ক্যাপ্টেন বা প্লেয়ার আনলেও হবে না। আমাদের দলে অধিকাংশ অভিজ্ঞ খেলোয়াড়। যেভাবে খেলছি তাতে সত্যি কথা বলতে ফ্যাঞ্চাইজিরাও খুশী হতে পারছে না। আমরা তাদের কিছুই দিতে পারছি না।
তামিম আরও বলেন: আমরা টিম মিটিংয়ে প্ল্যান করি, মাঠে কঠোর অনুশীলন করি কিন্তু সঠিক সময়ে নিজেদের মেলে ধরতে পারছি না। আরো আটটি ম্যাচ রয়েছে, আমাদের ইমপ্লুভ করতে হবে।
দলের বোলিং নিয়ে তামিম বলেন: আমাদের বোলাররাও ভালো করছে না, প্রতিপক্ষকে বিগ হিট মারতে আমরা অনেক সুযোগ দিয়েছি।
বরিশাল বুলসের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস সম্পর্কে তামিম বলেন: আমার দেখা এ টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান নাফিস। আমি সত্যিই তার ব্যাটিং উপভোগ করছি।
তামিমের পরেই সংবাদ সম্মেলনে আসেন বিজয়ী দলের অধিনায়ক মুশফিক।
নিজের ব্যাটে রান আসছে, দলও জয় পাচ্ছে এ প্রসঙ্গে মুশফিক বলেন: আসলে টি২০তে সবসময় ভালো খেলা যায় না, আমরা যেভাবে খেলছি চেষ্টা করব এইভাবেই খেলতে।
রানে ফেরার পর থেকেই উল্লাস উদযাপনটা কিছুটা ব্যতিক্রম এ প্রসঙ্গে মুশফিক বলেন: আসলে নিজেকে ফিরে পাওয়ার আনন্দেই এমন উল্লাস।
১৬৩ রান তাড়া করে জয় তুলে নেওয়া প্রসঙ্গে মুশফিক বলেন: আসলে আমরা যে প্ল্যানিং করছি, তার সঠিক বাস্তবায়ন আমরা করে যাচ্ছি। গত চার ম্যাচ ধরেই ভালো করছে শাহরিয়ার নাফিস। আসলে লোকাল খেলোয়াড়দের উপর অনেক কিছু নির্ভর করে। যাদের লোকাল খেলোয়াড়রা ভালো করবে, তারাই কিন্তু জয় পাবে।
দলের সার্বিক অবস্থা নিয়ে মুশফিক বলেন: দল নিয়ে ওভার অল আমি হ্যাপি, তবে ফিল্ডিংয়ের কিছুটা প্রব্লেম আছে তা চিটাগং গিয়ে ঠিক করে নিবো।










