মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে প্রথম সারির চার ব্যাটসম্যাকে হারিয়ে চাপের মুখে পড়েছে টাইগাররা। তামিম আর মুশফিকের ৭০ রানের জুটিতে ভর করে শতক পূর্ণ করলেও দ্রুত দুই উইকেট হারায় তারা।
উইকেট রক্ষক মুশফিকুর রহিম ক্যারিয়ারের ২৩তম অর্ধশতক তুলে নেন। ৪৯ বলে চারটি চারে ৫০ রান পূর্ণ করেন মুশফিক। আর ব্যক্তিগত ৪০ রান করে আউট হন তামিম ইকবাল। স্পিনার সিকান্দার রাজাকে উড়িয়ে মারতে গিয়ে জংউইয়ের হাতে ধরা পড়েন তামিম।
এরপর সিকান্দার রাজার বলে ডাউন দ্যা উইকেট খেলতে গিয়ে স্ট্যাপিংয়ের শিকার হন সাকিব আল হাসান। তিনি করেন ১৬ রান।
ইনিংসের শুরুতে দলীয় ২ রানের মাথায় কোন রান না করেই লুক মাফুয়া জংউয়ের বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্রেমারের হাতে ধরা পড়েন লিটন। এরপর আরেক ওপেনার তামিম ওয়ানডাউনে নামা মাহমুদউল্লাহকে নিয়ে জুটি গড়েন। কিন্তু দলীয় ৩০ রানের মাথায় পানিঙ্গারার বলে সরাসরি ক্লিন বোল্ড হয়ে ৯ রান করে প্যাভিলনে ফেরেন মাহমুদউল্লাহ।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী জিম্বাবুয়ে দলের দলপতি এলটন চিগুম্বুরা।
টাইগারদের স্কোয়াডে ফিরেছেন আল আমিন হোসেন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা বাঁহাতি স্পিনার আরাফাত সানিও একাদশে ফিরেছেন।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৬৪টি ম্যাচে টাইগাররা জিতেছে ৩৬টি ম্যাচ আর জিম্বাবুয়ে জিতেছে ২৮টি ম্যাচ।







