একপাশের ছোটো বাউন্ডারি ব্যবহার করে দ্রুত শতক তুলে নিয়ে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯৩ বলে ১০২ রান করেন তিনি। ৪০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৬।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। শনিবার প্রথমটি হচ্ছে পাকিস্তানের বিপক্ষে।
এদিন মাঠের যেখানে উইকেট, সেখান থেকে একপাশের বাউন্ডারির দূরত্ব মাত্র ৩৫ গজের মতো! অজানা কারণে আইসিসি থেকে মাঠের এমন জায়গার উইকেটে খেলানো হচ্ছে। এই উইকেটে সাধারণত অনুশীলন করা হয়। কাউন্টি ক্রিকেট লিগের কোনও ম্যাচ কখনো এখানে হয়নি। অথচ সেই উইকেটেই অফিসিয়াল ম্যাচ খেলাচ্ছে আইসিসি।
নেহাত একটি প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিপক্ষে পাকিস্তান থাকলে বাংলাদেশের লড়াইটা অন্য মাত্রায় পৌঁছে যায়। পাকিস্তানও চাইবে নিজেদের শক্তির জানান দিতে। টাইগারদের বিপক্ষে সর্বশেষ ওডিআই সিরিজে ‘ধবলধোলাই’র স্মৃতি আছে তাদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইতিহাস মোটেও সুখকর নয়। এখন পর্যন্ত কোনও আসরে গ্রুপপর্ব পার করা হয়নি। ৮ ম্যাচের একটিতে জয়। হার সাতটিতে!
এই বাংলাদেশের জন্য অবশ্য অতীতের পরিসংখ্যান খুব একটা প্রযোজ্য হবে না। ওয়ানডে বিশ্বকাপের পর সম্পূর্ণ বদলে যাওয়া বাংলাদেশকে আইসিসি তাদের ম্যাচ প্রিভিউতে ‘এশিয়ান কিলার’ হিসেবে অভিহিত করেছে। এই তকমাই বুঝিয়ে বাংলাদেশের শক্তিমত্তা কতটুকু।
মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচের যে উইকেট, তাতে মনমতো অনুশীলনটা হবে না বলেই ধরে নেওয়া যায়।







