আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে শুরুতে লিটন, পরে সাব্বিরের উইকেট হারালেও রানের গতি সচল রেখেছিল বাংলাদেশ। তামিম-মুশফিকের পাল্টা আঘাতে রান বাড়াচ্ছিল টাইগাররা। পরে রশিদ ঝড়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে রানের জন্য লড়ছে সফরকারীরা।
দেরাদুনে ইনিংসের ১৬ ওভারে এসে ৭ উইকেটে ১০৩ রান তুলেছে বাংলাদেশ। সাকিব সাজঘরে ফেরার পরপরই তামিম ইকবাল ৪৩ রানে ফিরে গেলে বিপদে পড়ে টাইগাররা।
তামিমের সঙ্গে ওপেন করতে আসেন লিটন। যদিও বেশিক্ষণ টেকেননি। দ্বিতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন শাপুর জাদরানের বলে হুক করতে যেয়ে। বাউন্ডারির কাছে রশিদের ক্যাচ হন লিটন (১)।
ক্রিজে এসে দেখেশুনে এগোতে থাকেন সাব্বির। তিন চারে ভালোকিছুর আভাস দিচ্ছিলেন। কিন্তু ৯ বলে ১৩ রানের বেশি অবদান রাখতে পারেননি। নবির বলে শেনওয়ারির তালুবন্দী হন।
তামিমের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে ফেরেন মুশফিক। নবির বলে স্টাম্পড হন ১৮ বলে ২২ করে, ইনিংসে একটি করে ছয়-চারের মার। বিশাল ছক্কা মেরে শুরু করা মাহমুদউল্লাহ ফিরেছেন ৮ বলে ১৪ রানে। মেরেছেন একটি করা চার-ছক্কা। জানাতের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হয়েছেন।
সাকিব আল হাসানও চমক দেখাতে পারেননি। ৭ রানে ৩ করে রশিদ খানের বলে নাজিবুল্লাহকে ক্যাচ দিয়েছেন।
সিরিজে ফেরার মিশনে এদিন একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। সৌম্য সরকার ফিরেছেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। আবুল হাসান ও আবু জায়েদ বাদ পড়েছেন। সৌম্যর সঙ্গে একাদশে এসেছেন আবু হায়দার রনি।







